মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তাওহীদ হৃদয়
মেডিভয়েস রিপোর্ট: ব্যাট হাতে সিলেটে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটসম্যান। এর মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার কীর্তি গড়েছেন হৃদয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জোমেল ওয়ারিক্যানের বলে মিড অনে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ৩০৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করেছিলেন তিনি।
মুশফিকুর রহিম (তিনবার), সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন হৃদয়।
২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে একাই টেনে তোলেন হৃদয়। একের পর এক উইকেটের পতন হলেও এক প্রান্ত আগলে রেখে খেলেছেন অসাধারণ ইনিংস। সতীর্থদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে সামলেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের চাপ।
তৃতীয় দিনের সকালে মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাটিং শুরু করেন হৃদয়। তবে দিনের প্রথম সেশনেই মুশফিক ও লিটন দাসকে ফিরিয়ে বাংলাদেশকে আবার চাপে ফেলেন জোমেল ওয়ারিক্যান। এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি।
প্রথমে ১০৯ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন হৃদয়। এরপর ১৭১ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শামার জোসেফ ও রোস্টন চেইসদের বিপক্ষে কখনো সাবধানী, কখনো আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যান তিনি। এক ওভারে চেইসকে দুটি ছক্কাও হাঁকান এই ব্যাটসম্যান।
হৃদয়ের সঙ্গে দারুণ সঙ্গ দেন তাইজুল ইসলাম। অষ্টম উইকেটে দুজন গড়েন ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। ২২ রান করে তাইজুল স্টাম্পড হলে ভাঙে সেই জুটি। এরপরও থামেননি হৃদয়। লেজের ব্যাটসম্যানদের নিয়ে ইনিংস এগিয়ে নেন তিনি। একপর্যায়ে পাঁজরে বলের আঘাত পেলেও ব্যাটিং চালিয়ে যান।
দেড়শ রান পূর্ণ করার পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েন হৃদয়। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড ছাড়িয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৩০৪ বলে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১১০ ওভারে ৮ উইকেটে ৩৭৬ রান। তাওহীদ হৃদয় অপরাজিত ছিলেন ৩৫৯ বলে ২৪২ রানে। অন্য প্রান্তে ২৪ বলে ৮ রান নিয়ে ব্যাট করছিলেন তাসকিন আহমেদ।
এইউ/