হামের টিকাদান কর্মসূচি বন্ধে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের সময়ে হামের নিয়মিত টিকাদান কর্মসূচি বন্ধ রাখা এবং জরুরি ভিত্তিতে টিকা আমদানি না করার ঘটনায় প্রশাসনিক অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক আন্তর্জাতিক গবেষণা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের নজিরবিহীন প্রাদুর্ভাব দেখা দেয়। পরবর্তী অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের শেষ অথবা ২০২৫ সালের শুরুর দিকে যে জাতীয় টিকাদান ক্যাম্পেইন পরিচালনার কথা ছিল, তা তৎকালীন সরকার বাস্তবায়ন করেনি। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় টিকার মজুতও রাখা হয়নি।
তিনি বলেন, কারা এমন সিদ্ধান্ত নিয়েছিল এবং কেন প্রয়োজনীয় টিকা আমদানি করা হয়নি, তা খতিয়ে দেখা জরুরি। সরকার কাউকে রাজনৈতিকভাবে দোষারোপ করতে চায় না। তবে দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার কারণে যেন কোনো শিশুর প্রাণহানি না ঘটে, সে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, একজন বিচারক ও বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের দায়িত্ব ও অবহেলার বিষয়গুলো চিহ্নিত করা হবে।
হামের টিকার সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ করা হয়। মাত্র এক থেকে দুই মাসের ব্যবধানে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে। এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি।
এদিকে দেশে তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতিরিক্ত মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ধূমপান এবং শারীরিক পরিশ্রম ও ব্যায়ামের অভাবে কম বয়সেই অনেকে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রভাব শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং পুরো পরিবারের ওপর পড়ে।
হৃদরোগীদের পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ, যুক্তরাজ্য ও পাকিস্তানের যৌথ উদ্যোগে পাঁচ বছর মেয়াদি ‘অ্যাক্রস-বিডি’ গবেষণা প্রকল্প চালুর কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় দেশের দূরদূরান্তে বসবাসকারী হৃদরোগীরা নিজ বাড়িতে বসেই সাশ্রয়ী মূল্যে পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বাংলাদেশের আটজন তরুণ চিকিৎসক ও গবেষকের আন্তর্জাতিক পর্যায়ে পিএইচডি করার সুযোগ তৈরি হবে।
দেশে অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
এমআর/