জলবায়ু-স্বাস্থ্য সুরক্ষার ছয় পদক্ষেপে বছরে বাঁচবে ১৬ লাখ প্রাণ, মিলবে ট্রিলিয়ন ডলারের সুফল
মেডিভয়েস রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ছয়টি কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে প্রতিবছর প্রায় ১৬ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে কয়েক ট্রিলিয়ন ডলারের আর্থিক সুফল পাওয়া যেতে পারে। বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে তাপপ্রবাহের আগাম স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থা চালু, নিরাপদ পানীয় জল ও পয়োনিষ্কাশন অবকাঠামো জলবায়ু সহনশীল করে গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি হাত পরিষ্কারের অভ্যাস বাড়ানো, বাসাবাড়িতে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং জীবাশ্ম জ্বালানির মূল্য নির্ধারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস এক বিবৃতিতে বলেন, ‘জলবায়ু সংকট মানেই স্বাস্থ্য সংকট। তবে এর কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির বড় অংশই আমাদের হাতে থাকা উপায় ব্যবহার করে প্রতিরোধ করা সম্ভব।’
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত ছয়টি পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে তিন ধরনের সুফল পাওয়া সম্ভব। এগুলো হলো মানুষের স্বাস্থ্য সুরক্ষা, কার্বন নিঃসরণ কমানো এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করা।
ডব্লিউএইচওর হিসাব অনুযায়ী, এসব উদ্যোগের মাধ্যমে প্রতিবছর ১৬ দশমিক ৭ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো সম্ভব হতে পারে। একই সঙ্গে পদক্ষেপগুলো থেকে প্রতিবছর সর্বোচ্চ ৫ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের রাজস্ব সুবিধা পাওয়া যেতে পারে।
এ ছাড়া মানুষের প্রাণহানি রোধ, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং স্বাস্থ্যসেবার ব্যয় সাশ্রয়ের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের অতিরিক্ত সুফল আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ডব্লিউএইচও জানিয়েছে, গবেষণাটি কিছু উচ্চাভিলাষী পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি। তথ্যের ঘাটতি এবং ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসের ক্ষেত্রে অনিশ্চয়তাও রয়েছে।
এ বিষয়ে টেড্রোস বলেন, প্রতিবেদনটি দেখিয়েছে যে পরীক্ষিত ও সাশ্রয়ী পদক্ষেপগুলোর ব্যাপক বাস্তবায়ন লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে পারে। বিশেষ করে যেসব দেশের মানুষের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বেশি, এসব উদ্যোগ থেকে তারাই সবচেয়ে বেশি উপকৃত হতে পারে।
আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিতে বিশ্বনেতাদের প্রস্তুতির মধ্যে টেড্রোস তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া সব উদ্যোগের কেন্দ্রে যেন স্বাস্থ্য সুরক্ষাকে রাখা হয়।
এমআর/
বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন
স্বাস্থ্যে চলছে দুর্নীতির মহোৎসব, বছরে কমিশন বাণিজ্য ১৮৬১ কোটি টাকা
বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন
স্বাস্থ্যে চলছে দুর্নীতির মহোৎসব, বছরে কমিশন বাণিজ্য ১৮৬১ কোটি টাকা
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ