০৫ নভেম্বর, ২০২৬ ০২:১৫ পিএম

ঢাকা-খুলনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, জড়িতদের শাস্তির দাবি বিপিএইচসিডিএর

ঢাকা-খুলনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, জড়িতদের শাস্তির দাবি বিপিএইচসিডিএর
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকার মোহাম্মদপুরে সিটি হাসপাতাল লিমিটেড এবং খুলনায় আবদুল্লাহ প্যাথলজিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এসব অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল এবং মহাসচিব ডা. এ এম শামীম যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ নভেম্বর মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়া-মোহাম্মদপুরে অবস্থিত সিটি হাসপাতাল লিমিটেডে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করে। একই রাতে খুলনার শামসুর রহমান সড়কে অবস্থিত আবদুল্লাহ হাসপাতালেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বিবৃতিতে নেতারা বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুনির্দিষ্ট তদন্ত নিশ্চিত করতে হবে। এজন্য তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে হাসপাতাল, চিকিৎসাসেবা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

বিবৃতিতে হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিপিএইচসিডিএর মতে, রোগীদের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদা সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এমআর/এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।