ডেঙ্গুর প্রকোপে শুধু অক্টোবরেই প্রাণ গেলো ১৭৪ জনের
মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে প্রাণহানি। চলতি বছরের শুধু অক্টোবর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৪ জন, যা এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৩৩ জন।
আজ শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান। সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের।
এদিকে, নতুন করে ঢাকা মহানগরে ৩৮৫ এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২১৯ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮১, খুলনা বিভাগে ২২৮, রাজশাহী বিভাগে ১৪৯, বরিশাল বিভাগে ২৩৪, ময়মনসিংহ বিভাগে ৭০ ও রংপুর বিভাগে ৬৭ জন রোগী ভর্তি করা হয়েছে।
চলতি বছর সারাদেশে মোট ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে এক লাখ ৩৫ হাজার জনে। তাদের মধ্যে এক লাখ ২৮ হাজার ৩৩৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ২৩৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরেই ভর্তি আছেন এক হাজার ৫১৮ জন।
এমআর/