২২ অক্টোবর, ২০২৬ ০৭:২৯ পিএম

অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্য সচিব

অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্য সচিব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঘন ঘন বৃষ্টিপাতের কারণে এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ। তিনি আশা প্রকাশ করে বলেছেন, অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ডেঙ্গুর অন্যতম হটস্পট চাঁপাইনবাবগঞ্জে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর)) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, হঠাৎ করে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়নি। গত বছর ও তার আগের বছরেও বিপুলসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই সবাইকে সচেতন হতে হবে।

স্বাস্থ্য সচিব জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি, সেসব এলাকা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। দেশের আট থেকে ১০টি ডেঙ্গু হটস্পটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। জেলাটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবারও জেলা হাসপাতালে দেড় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বাড়ি ও হাসপাতালে সবার মশারি ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

হাসপাতাল পরিদর্শনকালে রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য সচিব। এ সময় তিনি জানান, জেলা হাসপাতালসহ চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলা হাসপাতালের রান্নাঘর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। কাঠের খড়ির পরিবর্তে গ্যাসে রান্নার ব্যবস্থা করা হবে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা হারুনুর রশিদ হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনদের হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব হাসপাতালের আশপাশের বিভিন্ন এলাকা, রান্নাঘর এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ওয়ার্ড ঘুরে দেখেন। পরে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক