সুদানে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত
মেডিভয়েস রিপোর্ট: সুদানে কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন এলাকায় চালানো ড্রোন হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠনগুলোর বরাতে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানী খার্তুমে ড্রোন হামলায় তিন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’। এদিকে, গত শুক্রবার থেকে দেশটির পশ্চিমাঞ্চলে চালানো হামলাগুলোতে ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ঘটনা ঘটে রোববার সন্ধ্যায় পশ্চিম কর্দোফান রাজ্যের আল-দিবাব শহরে। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বাজার শেষে বাড়ি ফেরার জন্য একটি পরিবহণকেন্দ্রে জড়ো হয়েছিলেন গ্রামবাসীরা। এ সময় ড্রোন হামলায় ৮০ জন নিহত হন। আহত ৪৭ জনকে কাছের আল-মুজলাদ শহরে নেওয়া হলে তাঁদের মধ্যে আরও ৩০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এসব হামলার জন্য সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হচ্ছে। এদিকে, পূর্বাঞ্চলে আতবারা ও সেটিট বাঁধ লক্ষ্য করে আরএসএফের কয়েকটি ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
সুদানে ধারাবাহিক প্রাণঘাতী ড্রোন হামলার ঘটনায় সোমবার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, এসব হামলায় বেসামরিক মানুষ নিহত হচ্ছেন এবং গুরুত্বপূর্ণ সেবাব্যবস্থা ব্যাহত হচ্ছে।
২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। দীর্ঘস্থায়ী এ যুদ্ধে বহু মানুষ নিহত হয়েছেন এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সাম্প্রতিক ড্রোন হামলায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
এইউ/