১৪ অক্টোবর, ২০২৬ ০৮:১১ পিএম

ডেঙ্গু নিয়ন্ত্রণে ময়লা পরিষ্কার করা মানে আত্মীয়ের জীবন বাঁচানো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে ময়লা পরিষ্কার করা মানে আত্মীয়ের জীবন বাঁচানো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু নিয়ন্ত্রণে ময়লা পরিষ্কার করা মানে আপনার একজন আত্মার আত্মীয়কে আপনি জীবন বাঁচালেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতাল, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।

আজ বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহিত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অক্টোবর ও নভেম্বর মাস ডেঙ্গুর জন্য বিপজ্জনক সময়। এ সময়ে ডেঙ্গু প্রতিরোধে আরও জোরালো কার্যক্রম চালাতে হবে। একদিকে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে, অন্যদিকে মশার বিস্তার রোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

হাসপাতালের পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হন। সেখানে মশা থাকলে অন্যান্য রোগে চিকিৎসা নিতে আসা রোগীরাও ডেঙ্গুর ঝুঁকিতে পড়তে পারেন। এ কারণে হাসপাতালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা বিশেষভাবে জরুরি।

হাসপাতালের চিকিৎসাসেবার চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৩৫০টি শয্যা রয়েছে। তবে বর্তমানে সেখানে ২ হাজার ১০০ রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি প্রতিদিন বহির্বিভাগে পাঁচ থেকে ছয় হাজার রোগী এবং জরুরি বিভাগে আরও প্রায় দেড় হাজার রোগী চিকিৎসাসেবা পাচ্ছেন।

তিনি বলেন, ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি রোগীর চাপ সামলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। তাঁদের এই পরিশ্রম দেখতে এবং উৎসাহ দিতেই হাসপাতালে আসা।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন স্থান ঘুরে দেখার কথা জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, রোগীদের যাতায়াতের প্রধান স্থান ও বারান্দাগুলো মোটামুটি পরিষ্কার পাওয়া গেছে। তবে দু-একটি জায়গায় ময়লা দেখা গেছে। সেগুলো পরিচ্ছন্নতাকর্মীদের দেখিয়ে দেওয়া হয়েছে এবং দ্রুত পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।

পরিচ্ছন্নতাকর্মীদের কাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাঁদের দায়িত্ব কেবল প্রতিদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁদের কাজের মাধ্যমে মানুষের জীবনও রক্ষা পেতে পারে। তাই এই কাজকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজেদের বাড়ি, ভবনের নিচতলা ও আশপাশের যেসব স্থানে মশা জন্মাতে পারে, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এতে পরিবারের সদস্যদের, বিশেষ করে সন্তান ও মা-বাবাকে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।

হাসপাতালের অবকাঠামো সম্পর্কে তিনি বলেন, হাসপাতালের করিডোর ও বিভিন্ন স্থানে আলো-বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

এ সময় হাসপাতালের মর্গের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, শুধু এই হাসপাতালের মর্গ নয়, দেশের মোট ২১টি মর্গের উন্নয়নের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়েছে। চলতি বছরই এসব মর্গের উন্নয়নকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক