১৪ অক্টোবর, ২০২৬ ০৪:৪৭ পিএম

বাল্যবিয়ে ও পারিবারিক সহিংসতা রোধে হটস্পটগুলোতে নেওয়া হবে বিশেষ কর্মসূচি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাল্যবিয়ে ও পারিবারিক সহিংসতা রোধে হটস্পটগুলোতে নেওয়া হবে বিশেষ কর্মসূচি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাল্যবিয়ে ও পারিবারিক সহিংসতা রোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, এ ক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাল্যবিয়ে ও পারিবারিক সহিংসতার হটস্পটগুলোতে লক্ষ্যভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি মনিটরিং নিশ্চিত করা হবে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বাংলাদেশ ১১তম জাতীয় যুব সম্মেলন অন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এম এ মুহিত এ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, সমগ্র দেশের পরিস্থিতি কখনো একরকম নয়। তাই স্থানীয় পর্যায়ের বাস্তবতা ও নির্দিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, যেসব এলাকা বাল্যবিয়ে বা পারিবারিক সহিংসতার হটস্পট হিসেবে চিহ্নিত হবে, সেখানে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি এসব উদ্যোগের কার্যকারিতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে।

কিশোর-কিশোরীদের মানসিক ও সামাজিক সুরক্ষায় পরিবারের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিবারই তাদের সুরক্ষার সবচেয়ে বড় ঢাল। তাই সরকারি-বেসরকারি প্রতিটি উদ্যোগ ও কার্যক্রম পরিবারকেন্দ্রিক হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, কিশোর-কিশোরীদের স্বাধীনভাবে কথা বলা ও প্রশ্ন করার সুযোগ দিতে হবে। প্রশ্ন করলেই সন্তানদের ‘বেয়াদব’ বা ‘ইঁচড়ে পাকা’ আখ্যা দিয়ে থামিয়ে দেওয়ার সামাজিক প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তরুণদের সঙ্গে খোলামেলা আলোচনা ও তাদের মতামত প্রকাশের পরিবেশ তৈরি করা জরুরি।

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে সারাদেশে প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে একযোগে বৃহৎ পরিসরে জাতীয় ক্যাম্পেইন শুরু হবে।

কিশোর-কিশোরীদের নির্ভরযোগ্য তথ্য ও মানসিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, সঠিক কাউন্সেলিং ও তথ্যের উৎসের অভাবে তরুণরা বিভিন্ন বিষয়ে জানতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চ্যাটজিপিটির সহায়তা নিচ্ছে। প্রাথমিক ধারণা পেতে প্রযুক্তির ব্যবহার ইতিবাচক হলেও একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করা প্রয়োজন।

তরুণ প্রজন্মের জন্য মনোসামাজিক কাউন্সেলিং ও বিশ্বস্ত তথ্যসেবা নিশ্চিত করতে সহজলভ্য ও গ্রহণযোগ্য স্বাস্থ্য নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব বেঞ্জামিন রিয়াজী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্সের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফারিহা হাসীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত। এ সময় যুব প্রতিনিধি আতিকা রহমান চৌধুরী ও কিশোর প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদও বক্তব্য দেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক