দেশে প্রথমবারের মতো সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে যানজট নিরসন, পরিবেশ সুরক্ষা এবং সুস্থ জীবনধারা প্রসারে দেশের প্রথম ডেডিকেটেড বা আলাদা সাইকেল ট্র্যাকিং লেন উদ্বোধন করা হয়েছে। নগরীর বিমানবন্দর সড়কে ২.২ কিলোমিটার দীর্ঘ এই সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অধীনে সাইকেল ট্র্যাকটি নির্মিত হয়েছে। চার লেনের এই সড়কটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিস্তৃত। সড়কের পাশে আলাদা গাছপালা ও কার্বস্টোন দিয়ে সুনির্দিষ্ট বিভাজক তৈরি করে পথচারীদের হাঁটার লেন ও সাইকেল আরোহীদের জন্য এই সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, পৃথক সাইকেল লেন চালুর ফলে বাইকারদের দুর্ঘটনার ঝুঁকি কমবে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি এটি পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে, শারীরিক ফিটনেস বজায় রাখতে এবং নগরবাসীকে স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।
উদ্বোধন শেষে অর্থমন্ত্রী, চসিক মেয়র, স্থানীয় সংসদ সদস্যসহ উপস্থিত অতিথি ও তরুণ সাইকেল আরোহীরা নতুন ট্র্যাকে সাইকেল চালিয়ে কার্যক্রমটি উপভোগ করেন। চসিক কর্তৃপক্ষের আশা, এ ধরনের উদ্যোগ নগরবাসীর শারীরিক স্বাস্থ্য ও পর্যটন সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।
জেএইচ/