রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় এনডিএফের নিন্দা
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে সংঘবদ্ধ মব তৈরি করে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনটির অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে মব তৈরি করে উপাচার্যের ওপর চাপ সৃষ্টি করে। একপর্যায়ে তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।
এনডিএফের নেতৃবৃন্দ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কোনো ধরনের চাপ, ভয়ভীতি বা সংঘবদ্ধ মব তৈরির মাধ্যমে পদত্যাগে বাধ্য করা অত্যন্ত উদ্বেগজনক। উচ্চশিক্ষা ও চিকিৎসা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক কিংবা প্রভাবশালী পরিচয় যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সরকারকে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কারা কীভাবে সেখানে জড়ো হয়েছিল, কীভাবে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং পদত্যাগে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানানো হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরাম মনে করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করবে। একই সঙ্গে মব-তৎপরতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
এমআর/