০৩ অক্টোবর, ২০২৬ ০৭:৩৫ পিএম

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবার জন্য একটি আধুনিক ও মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। আজ শনিবার (৩ অক্টোবর) আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা ও রোগীদের সঙ্গে কথা বলার পর তিনি এ পরিকল্পনার কথা জানান।

পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে জানায়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৃহত্তর এলাকার একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পটিয়ার প্রায় সাত লাখ মানুষের পাশাপাশি বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলীসহ আশপাশের এলাকার আরও প্রায় চার লাখ মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেন। ফলে প্রতিদিনই এখানে রোগীর ব্যাপক চাপ থাকে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বহির্বিভাগে প্রতিদিন এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন। এছাড়া প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এ সময় হাসপাতালের দীর্ঘদিনের বিভিন্ন সংকটের বিষয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বলেন, বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় হাসপাতাল নেই, সেখানেও নতুন করে ১০১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। প্রয়োজনীয়তা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতির বিষয়েও খোঁজ নেন মন্ত্রী। হাসপাতালে শতভাগ চিকিৎসক উপস্থিত রয়েছেন কি না জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, শতভাগ না হলেও অধিকাংশ চিকিৎসক উপস্থিত রয়েছেন।

এ সময় হাসপাতালের বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান সম্পর্কেও খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ভর্তি রোগীদের রক্ত পরীক্ষা হাসপাতাল থেকেই করার ব্যবস্থা করতে হবে। রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি খাবারের মানও উন্নত করতে হবে। রোগীরা যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, হাসপাতালের উন্নয়নের বিষয়ে তিনি বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী পটিয়ায় এসে হাসপাতালটিকে অত্যন্ত সুসজ্জিত ও আধুনিক করার যে কথা বলেছেন, তাতে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, পটিয়া আগে একটি মহকুমা ছিল। এ কারণে এ এলাকার প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের সেবায় হাসপাতালটির উন্নয়নে কাজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেছেন।

এ সময় চট্টগ্রামের জেলা সিভিল সার্জন সাজেদুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক