নির্বাচন ছাড়াই ঢামেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি, ২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কে-৭৮ ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠিত হয়েছে। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) নামে গঠিত এই কমিটিতে বিভিন্ন পদে থাকা অন্তত ১২ জনের নাম এর আগে ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ছিল বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এই কমিটি প্রকাশ করা হয়। এরপর থেকেই নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
প্রকাশিত কমিটিতে সভাপতি করা হয়েছে ডা. মো. রুহুল আমিন বিশ্বাসকে। সহ-সভাপতি ডা. তাজিয়া ইসলাম তৈশী, সাধারণ সম্পাদক ডা. ইফতেখার আলম ইফতি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আনিসুজ্জামান শিপন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ডা. তাহসিন রহমানকে। এছাড়া অর্থ সম্পাদক ডা. তৌফিকুল ইসলাম আলভী, দপ্তর সম্পাদক ডা. মহিউদ্দীন আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মো. শাহারুল ইসলাম সাকিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. পুলহ রায় ঋগ এবং যোগাযোগ ও পরিবহন বিষয়ক সম্পাদক ডা. মির্জা সাইফুর রহমানসহ আরও কয়েকজন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ২০২২ সালের পূর্ণাঙ্গ কমিটির নথি পর্যালোচনায় দেখা যায়, নতুন ইন্টার্ন কমিটির সহ-সভাপতি তাজিয়া ইসলাম তৈশী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান শিপন, অর্থ সম্পাদক তৌফিকুল ইসলাম আলভী, ক্রীড়া সম্পাদক পুলহ রায় ঋগ, যোগাযোগ ও পরিবহন সম্পাদক মির্জা সাইফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহারুল ইসলাম সাকিবসহ অন্তত ১২ জনের নাম ওই কমিটিতে ছিল।
এদিকে নতুন কমিটির সভাপতি রুহুল আমিন বিশ্বাসের বিরুদ্ধে নিজের ব্যাচে ছাত্রলীগের আধিপত্য বিস্তারে সক্রিয় ভূমিকা এবং কমিউনিটি মেডিসিনের স্টাডি ট্যুরের কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তার সহপাঠীরা। একইভাবে যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান শিপনের বিরুদ্ধেও জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষার্থীদের নামের তালিকা ছাত্রলীগের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, ৫ আগস্টের পর এসব ব্যক্তির অনেকে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছেন। এমনকি রুহুল আমিন বিশ্বাস একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অমান্য করে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ায় ব্যাচ থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
নির্বাচন ছাড়াই কমিটি
ইন্টার্ন চিকিৎসকদের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ৫ আগস্টের পর ঢাকা মেডিকেলে বিভিন্ন ক্লাবসহ ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিত্বকারী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনের প্রক্রিয়া চালু ছিল।। পরপর তিন ব্যাচে এই প্রক্রিয়া অনুসরণ করা হলেও কে-৭৮ ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের ক্ষেত্রে নির্বাচনের আগেই কমিটি ঘোষণা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টার্ন চিকিৎসক মেডিভয়েসকে বলেন, ‘এই কমিটি ছাত্রদলের মদদপুষ্ট। ৫ আগস্টের পরপরই ঢাকা মেডিকেলে সকল ক্লাবসহ ইন্টার্ন ডক্টরস কমিটির নির্বাচনের মাধ্যমেই প্রতিনিধি বাছাই করা হয়। পরপর তিন ব্যাচে এই ধারা অব্যাহত থাকলেও বর্তমান নবাগত ইন্টার্ন চিকিৎসকদের কমিটির নির্বাচনের আগেই এমন একটি কমিটি প্রকাশিত হয়েছে। এই কমিটি গঠনের সম্পর্কে আমাদের কিছু জানানো হয়নি।’
তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর নতুন করে ছাত্রদলের সঙ্গে যুক্ত হওয়া ব্যক্তিদেরই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
সোসাইটি থেকে অ্যাসোসিয়েশন
নতুন কমিটি ঘোষণার পাশাপাশি সংগঠনটির নাম নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, গত তিন বছর সংগঠনটির নাম ছিল ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস)। এবার সেটির নাম পরিবর্তন করে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশ (আইডিএ) করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নামটি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এসব অভিযোগের বিষয়ে জানতে কমিটির সভাপতি ডা. মো. রুহুল আমিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক ডা. ইফতেখার আলম ইফতির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
এমআর/