২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৮ এএম

চমেক হাসপাতালে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

চমেক হাসপাতালে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসাসেবা কার্যক্রম জোরদারে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনভর বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন, পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন এবং ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক একটি বৈজ্ঞানিক সেমিনারে অংশ নেন।

দিনের শুরুতে ডা. বিটু চমেকহা’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিনকে সঙ্গে নিয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করে চিকিৎসাসেবা সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেনের উপস্থিতিতে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। সেখানে তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এরপর সোসাইটি অব মেডিসিন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘সিএমই অন ডেঙ্গু ম্যানেজম্যান্ট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা. বিটু।

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু আমাদের কাছে নতুন কোনো রোগ নয়। কিন্তু প্রতি বছর এর প্রকোপ আমাদের মনে করিয়ে দেয় যে, ডেঙ্গু শুধু একটি চিকিৎসাবিষয়ক সমস্যা নয়; এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা।’

মেডিসিন বিভাগের আরপি ডা. এস এম রিয়াসাদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবদুস সাত্তারের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন চসিক মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেন বাবুল, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. বেলায়েত হোসেন ঢালী এবং চট্টগ্রাম রেড ক্রিসেন্টের ম্যানেজিং বোর্ড সদস্য ডা. সারওয়ার আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. সাজেদুর রহমান, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম জহিরসহ চমেকের বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক