২০ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৩৪ পিএম

আইইডিসিআর হতে পারে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আইইডিসিআর হতে পারে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে জাতীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা কীভাবে বাড়ানো যায়, তার উৎকৃষ্ট মডেল হিসেবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর অডিটোরিয়ামে ‘বাংলাদেশ এফইটিপি কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আইইডিসিআর দীর্ঘদিন ধরে দেশের এপিডেমিওলজিক্যাল জনবলের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম (এফইটিপি) অত্যন্ত সফল একটি উদ্যোগ।

তিনি বলেন, এফইটিপির স্নাতকরা দেশ-বিদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করছেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন।

জাতীয় পর্যায়ে তরুণ গবেষক, ‘শিক্ষক ও বিশেষজ্ঞদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ড. মুহিত বলেন, দেশের দক্ষ জনশক্তি গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ ও সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন। দেশে অনেক ভালো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের অভাবে সীমিত সম্পদের পুরোপুরি সদ্ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে আইইডিসিআর একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে।’

সম্মেলনে প্রদর্শিত বিভিন্ন বৈজ্ঞানিক পোস্টার ও গবেষণাপত্রের প্রশংসা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রদর্শিত পোস্টার ও গবেষণাগুলো আন্তর্জাতিক মানের। বিশেষ করে এসব গবেষণা বাংলাদেশের বাস্তব সমস্যা এবং বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকিকে কেন্দ্র করে পরিচালিত হওয়াকে তিনি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন।

সম্মেলনে উপস্থিত তরুণ গবেষক ও বিজ্ঞানীদের উদ্দেশে ড. মুহিত বলেন, এ সম্মেলনের মাধ্যমে অর্জিত জ্ঞান ও পারস্পরিক সহযোগিতা দেশে জনস্বাস্থ্যবিষয়ক আরও যুগোপযোগী ও ফলপ্রসূ গবেষণার পথ উন্মোচন করবে।

আইইডিসিআর ও ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম, বাংলাদেশ (এফইটিপি-বি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে সহযোগিতা করছে সেফটিনেট, এমফনেট, ইউনিসেফ ও ইউএস সিডিসি। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মাঠপর্যায়ের রোগতত্ত্ব চর্চা জোরদারকরণ’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক ড. কাজী আহমেদ জাকি এবং সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান ড. এস এম বাকী বিল্লাহ। এছাড়া সম্মেলনে বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক