ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে ই-অ্যাপয়েন্টমেন্ট চালু
মেডিভয়েস রিপোর্ট: রোগীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতে ও ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে (এনআইএমআরসি) চালু হয়েছে ই-অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। এর মাধ্যমে রোগীরা ঘরে বসেই নির্দিষ্ট সময়ের জন্য আউটডোর টিকিট ও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ সেবার উদ্ধোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনএনআইএমআরসির পরিচালক অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. আবু আহম্মাদ আল মামুন, ব্রিটিশ কাউন্সিলের ই-ফেক্টিভ গভর্ন্যান্স প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সিয়ামুল হক রাব্বানী এবং একই প্রকল্পের ন্যাশনাল কনসালট্যান্ট অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফি প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ কাউন্সিল ও ই-গভর্ন্যান্স একাডেমির কারিগরি সহায়তায় ‘গ্লোবাল গেটওয়ে’উদ্যোগের আওতায় ই-ফেক্টিভ গভর্ন্যান্স প্রকল্পের মাধ্যমে ই-অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি বাস্তবায়িত হচ্ছে।
নতুন এই ব্যবস্থার ফলে হাসপাতালে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমবে এবং রোগীরা নির্ধারিত সময়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি হাসপাতালের অতিরিক্ত ভিড় কমিয়ে সেবা প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ই-অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমআর/