খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প
মেডিভয়েস রিপোর্ট: পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের দৌড়গোড়ায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগ।
খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের উদ্যোগে আয়োজিত এক বিশেষ চিকিৎসা ক্যাম্পে ৮৬১ জন পাহাড়ি ও বাঙালি রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে দিনব্যাপী এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে চিকিৎসা দিতে অংশ নেন সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও প্রসূতি এবং চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
ভৌগোলিক প্রতিকূলতা ও যাতায়াত সমস্যার কারণে পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের পক্ষে জেলা শহরে এসে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো বেশ কঠিন।
বিষয়টি বিবেচনায় নিয়ে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন সেনাজোনের সরাসরি ব্যবস্থাপনায় দুর্গম এলাকার রোগীদের হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এর ফলে বিশেষায়িত চিকিৎসা সুবিধা সহজেই গ্রহণ করতে পেরেছেন সেবাগ্রহীতারা।
আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি রক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিয়মিত এমন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সেনাবাহিনী, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচ/