০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৫২ পিএম

‘তিন মাসে স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগের উদ্যোগ’

‘তিন মাসে স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগের উদ্যোগ’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের জনবল সংকট দূর করতে আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জনবল নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মধ্যে সাড়ে সাত হাজার নার্স ও আড়াই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি মিডওয়াইফ ও কেয়ারগিভিং খাতে জনবল বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব নিয়োগে ৮০ শতাংশ নারীকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এবং শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরেই প্রয়োজনের তুলনায় জনবল কম রয়েছে। বর্তমানে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের বিপরীতে মাত্র একজন চিকিৎসক বা নার্স রয়েছেন। ফলে সীমিত জনবল নিয়ে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত চাপের মধ্যে রোগীদের সেবা দিতে হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় বড় পরিসরে জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে অতীতে থাকা বিভিন্ন অনিয়ম দূর করে সেবার মান উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন নিয়োগে নারী জনবলকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। বিশেষ করে মিডওয়াইফ ও কেয়ারগিভিংয়ের মতো সেবামূলক পদে প্রয়োজনীয় জনবল বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে স্বাস্থ্যসেবার বিভিন্ন স্তরে জনবল ঘাটতি কমানোর পাশাপাশি রোগীদের সেবার পরিধিও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সিলেটের হাসপাতালগুলোর অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে কোনো ধরনের ভুল বা ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধন করা হবে।

এ ছাড়া সিলেটে নির্মাণাধীন এবং ইতোমধ্যে অনুমোদন পাওয়া সরকারি হাসপাতালগুলোর কাজ দ্রুত শেষ করে সেগুলো চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এসব হাসপাতাল চালু হলে সিলেট অঞ্চলের মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার কথা জানান মন্ত্রী।

এর আগে সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মকর্তা, জ্যেষ্ঠ চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের সেবার মান উন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং চিকিৎসাসেবার পরিবেশ আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়কালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য খাতে প্রস্তাবিত ৪৩ হাজার ৩৯০ জনের নিয়োগ বাস্তবায়িত হলে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীর দীর্ঘদিনের জনবল সংকট কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নারী স্বাস্থ্যকর্মী, মিডওয়াইফ ও কেয়ারগিভিং সংশ্লিষ্ট জনবল বাড়ানোর মাধ্যমে রোগীদের সেবায় নতুন সক্ষমতা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক