সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেকহা) নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে ঢামেক হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
গত সোমবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে চেম্বার শেষে রিকশায় ওঠার সময় ৪–৫ জন সন্ত্রাসী অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা চালায়। হামলায় তাঁর মাথা, চোখ ও নাকে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আজ বুধবার (১৯ আগস্ট) ডা. বিটু হাসপাতালে গিয়ে অধ্যাপক ডা. আসাদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অধ্যাপক ডা. আসাদুর রহমানের চিকিৎসার অগ্রগতি, শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার সার্বিক বিষয় সম্পর্কে অবগত হন।
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, ‘চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
এ ঘটনা স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করে জানিয়ে তিনি আরও বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে চিকিৎসকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। যা অত্যন্ত উদ্বেগজনক।
হাসপাতাল পরিদর্শনকালে ডা. বিটু অধ্যাপক ডা. আসাদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানানো হয়।
এমআই/