‘রেডিয়েশন ও ক্লিনিক্যাল অনকোলজিস্টদের পেশার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি’
মেডিভয়েস রিপোর্ট: রেডিয়েশন ও ক্লিনিক্যাল অনকোলজিস্টদের পেশাগত উন্নয়নের পাশাপাশি ক্যান্সার শিক্ষা ও চিকিৎসার আধুনিকায়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মনে করেন বিশিষ্ট অনকোলজিস্ট অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১১টায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় এই কথা বলেন তিনি।
সভায় দেশের রেডিয়েশন ও ক্লিনিক্যাল অনকোলজিস্টদের পেশাগত সংগঠনকে আরও কার্যকর, প্রতিনিধিত্বশীল ও সময়োপযোগী করার লক্ষ্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে রেডিয়েশন অনকোলজি সোসাইটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার উপস্থিত চিকিৎসকদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের রেডিয়েশন ও ক্লিনিক্যাল অনকোলজিস্টদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, পেশাগত সমস্যা সমাধান এবং ক্যান্সার শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিষয় ও ডিগ্রির নামকরণ, নতুন পদ সৃষ্টি, নিয়োগ ও পদোন্নতি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং তরুণ অনকোলজিস্টদের পেশাগত বিকাশের বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
সবার মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে একটি কার্যকর, প্রতিনিধিত্বশীল ও শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে।
ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এ. টি. এম. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যান্সার ইনস্টিটিউট ও বিশেষায়িত হাসপাতালের অনকোলজিস্টর।
স্বাগত বক্তব্যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে সোসাইটির দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এহতেশামুল হক, কন্টিনেন্টাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রশিদ উন নবী, ডেল্টা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মঞ্জুর কাদের, ‘আটটি বিভাগীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসাকেন্দ্র স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. তৌফিক হাসান ফিরোজ এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার সিনিয়র কনসালটেন্ট ডা. আরমান রেজা চৌধুরী।
এ ছাড়া আলোচনায় অংশ নেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আলেয়া শাহনাজ, রাজশাহী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক ডা. অসীম কুমার ঘোষ, রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. জাহান আফরোজা খানম লাকি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আলী আসগর, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সরদার বনিউল আহমেদ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মেহবুব আহসান রনী, অধ্যাপক ডা. আসমা সিদ্দিকা, সহকারী রেজিস্ট্রার ডা. তাসনিম হোসেন এবং ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের রেজিস্ট্রার ডা. আসাদ।
আরও উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নাজমুল আলম, শেবাচিম এর সহযোগী অধ্যাপক ডা. এ. এন. এম. মাইনুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, বগুড়ার সহযোগী অধ্যাপক ডা. মো. মোবাশ্বের উর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার মোরশেদ সোহেল, জামালপুরের ডা. এ. এ. এম. আবু তাহের, সহযোগী ডা. খুরশীদ আলমসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ও তরুণ অনকোলজিস্টরা।
অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী আয়োজন। দেশের রেডিয়েশন ও ক্লিনিক্যাল অনকোলজিস্টদের শিক্ষা, প্রশিক্ষণ, নিয়োগ, পদোন্নতি, পেশাগত পরিচয় এবং বিষয় ও ডিগ্রির নামকরণসংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে পৌঁছাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
তিনি বিষয় ও উচ্চতর ডিগ্রির অভিন্ন নাম ‘ক্লিনিক্যাল অনকোলজি’ করার ওপর গুরুত্বারোপ করেন।
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার সম্পর্কে তিনি বলেন, ‘তাঁর মতো একজন বিশিষ্ট, অভিজ্ঞ ও সর্বজনশ্রদ্ধেয় অনকোলজিস্টকে আমাদের অভিভাবক হিসেবে পাওয়া সৌভাগ্যের বিষয়। তিনিই আমাদের এই পেশার নেতা। তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পেশাগত সমস্যার সমাধান এবং দেশের ক্যান্সার শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে আমরা এগিয়ে যেতে চাই।’
অধ্যাপক ডা. এহতেশামুল হক ও ডা. রশিদ উন নবীও বিষয় ও উচ্চতর ডিগ্রির নাম ‘ক্লিনিক্যাল অনকোলজি’ করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তাঁরা বলেন, এ নামটি রেডিওথেরাপির পাশাপাশি কেমোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এবং সমন্বিত ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞদের বিস্তৃত ভূমিকা যথাযথভাবে তুলে ধরে।
সভায় অধিকাংশ বক্তা বিষয় ও উচ্চতর ডিগ্রির অভিন্ন নাম ‘ক্লিনিক্যাল অনকোলজি’ করার পক্ষে মত প্রকাশ করেন। পাশাপাশি অনকোলজিস্টদের জন্য পর্যাপ্ত পদ সৃষ্টি, সময়মতো পদোন্নতি, প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বৃদ্ধি এবং মেডিক্যাল কলেজগুলোতে স্বতন্ত্র ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত চিকিৎসকেরা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে সোসাইটির পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। পরবর্তী সভায় সংগঠনের গঠনতন্ত্র, সদস্যপদের কাঠামো, কার্যনির্বাহী কমিটি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এমইউ/