মাদারগঞ্জে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ওপর হামলার নিন্দা এনডিএফের, নিরাপত্তা নিশ্চিতে চার দফা দাবি
মেডিভয়েস রিপোর্ট: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের (স্যাকমো) ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ নিন্দা জানান।
সংগঠনের অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ জুলাই রাতে মালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রমিছা বেগম নামে সাপে কাটা রোগীর মৃত্যু হয়। এর পর কর্তব্যরত স্বাস্থ্য সহকারী আসাদুজ্জামানের ওপর সংঘবদ্ধ হামলা চালান স্বজনের, যা অত্যন্ত উদ্বেগজনক। একজন রোগীর মৃত্যু নিঃসন্দেহে বেদনাদায়ক হলেও এ ধরনের ঘটনায় দায়িত্ব পালনরত চিকিৎসকের ওপর শারীরিক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এনডিএফ নেতারা বলেন, জীবন বাঁচানোর জন্য নিরলসভাবে কাজ করা একজন স্বাস্থ্যকর্মী যদি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন, তাহলে পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থাই ঝুঁকির মুখে পড়ে।
তারা আরও বলেন, দেশের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সীমিত জনবল ও সম্পদ নিয়ে চিকিৎসকরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীন পরিবেশে দায়িত্ব পালন করছেন এবং চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।
এই পরিস্থিতিতে কর্মস্থলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে চার দফা দাবি জানিয়ে এনডিএফ বলেছে, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তাকর্মী এবং সিসিটিভি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে কার্যকর ‘স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়নেরও দাবি জানানো হয়। এ ছাড়াও উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনমসহ জরুরি ও প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে, যাতে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের অভাবে কোনো প্রাণহানি না ঘটে এবং এ নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি না হয়।
চিকিৎসক ও রোগীর সম্পর্ক পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠতে হবে বলে মনে করেন এনডিএফ নেতারা। তারা বলেন, নিরাপত্তাহীন পরিবেশে চিকিৎসকরা সর্বোচ্চ মানের সেবা দিতে বাধাগ্রস্ত হন, যার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত রোগী ও সামগ্রিক জনস্বাস্থ্যের ওপর পড়ে।
প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।
এমইউ/