এফসিপিএস প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সংক্রান্ত নতুন নীতিমালার প্রতিবাদ ইন্টার্ন চিকিৎসকদের
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএসে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পদায়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন নীতিমালার প্রতিবাদ জানিয়ে এই সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবিতে যৌথ বিবৃতি দিয়েছে ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনগুলো। দাবিগুলো বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
আজ বুধবার (৩ জুন) ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস, ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস সোসাইটিসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা বিবৃতিতে এসব দাবি তুলে ধরেন।
পদায়নপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের পাঁচ বছরের মধ্যে ন্যূনতম দুই বছর নিজ নিজ উপজেলায় কর্মরত বা প্রশিক্ষণে থাকার শর্ত আরোপ করা হয়েছে। পাশাপাশি সরকারি ভাতাভুক্ত প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে প্রতি সেশনে সর্বোচ্চ এক হাজার জনকে মেধার ভিত্তিতে নির্বাচিত করা হবে। শুধুমাত্র অটোমেশন প্রক্রিয়ায় নির্বাচিত প্রশিক্ষণার্থীরাই এ ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। পদায়নের নতুন নীতিমালার এসব সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান তারা।
বিবৃতিতে উপস্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চলতি বছরের ১৯ মে জারি করা সিদ্ধান্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করা। পাশাপাশি স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এই সংক্রান্ত অপরাধের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেডের সমমানের বেতন প্রদান এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করা। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণের দাবিও রয়েছে তাদের।
ইন্টার্ন চিকিৎসকরা বলেছেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ২০২৫ অধ্যাদেশকে আইনে রূপান্তর করে বিএমডিসির বাইরে অবৈধভাবে চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সব ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, উত্থাপিত দাবিগুলো শুধু চিকিৎসকদের স্বার্থসংশ্লিষ্ট নয়, বরং দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার সঙ্গেও সম্পর্কিত। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সংগঠনটিগুলোর পক্ষ থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে চিকিৎসক সমাজ দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন তারা।
অভিন্ন দাবিতে বিবৃতি দিয়েছে রাজধানীর শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস কমিটি (আইডিসি), চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এমআই/