১৮ মে, ২০২৬ ০১:২৪ পিএম

প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষরের নির্দেশনা বাতিল 

প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষরের নির্দেশনা বাতিল 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করে পূর্বের নির্দেশনা বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১৭ মে) অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়েছে, ‘সূত্রঃ নং-৪৫,০০,০০০০,১৬২.১৯.০০৩.২৬-১৫৫ তারিখঃ ৩০/০৪/২০২৬ইং। উপরোক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃঅধিঃ/হাসঃ/নির্দেশনা/২০২৫/১৫ তাবিষঃ ০৫/০১/২০২৬ইং এর ক্রমিক নং-১ ও ৫ অনুযায়ী ল্যাব রিপোর্টে বিএমডিসি রেজিস্ট্রার্ড মেডিকেল গ্র্যাজুয়েট/প্যাথলজি বিশেষজ্ঞ রেডিওলজি বিশেষজ্ঞের স্বাক্ষর এর নির্দেশনা দেয়া আছে। নন-মেডিকেল বায়োকেমিস্টগণ স্বাক্ষর করতে পারবেন না—এইরূপ কোনো নির্দেশনা দেয়া নাই। তবে প্রতিটি রিপোর্টে স্বাক্ষরকারী/প্রতিস্বাক্ষরকারী হিসাবে অবশ্যই একজন মেডিকেল রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট এর স্বাক্ষর থাকতে হবে।’

এর আগে গত ৫ জানুয়ারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্যাথলজি ও রেডিওলজি সেবা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর নতুন নির্দেশনা প্রদান করে। এতে বলা হয়, রিপোর্টে স্বাক্ষরকারীকে বিএমডিসি রেজিস্ট্রার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হওয়াসহ একাধিক শর্ত বাধ্যতামূলক করা হয়েছে।

ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে প্রতিষ্ঠানের লাইসেন্সের জন্য আবেদনে উল্লিখিত প্যাথলজি বিশেষজ্ঞ রেডিওলজি বিশেষজ্ঞ/মেডিকেল অফিসারে নিজ হস্তে প্রদত্ত স্বাক্ষর থাকতে হবে।

এতে আরও বলা হয়, প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে ইলেকট্রনিক স্বাক্ষর/অনলাইন রিপোর্ট গ্রহণযোগ্য নয়, ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা ছাড়া অন্য স্থাপনা হতে নমুনা সংগ্রহ (স্যাম্পল কালেকশান) করা যাবে না, Auto Generated রিপোর্ট Varify করে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষরসহ রিপোর্ট করতে হবে। একই সঙ্গে রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকগণকে বিএমডিসি রেজিস্ট্রার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এ ছাড়াও আরও চার ধরনের নির্দেশনা অধিদপ্তর। 

রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর নীতি বৈষম্যমূলক আখ্যা দিয়ে বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজিস্টরা বলেন, দীর্ঘদিনের স্বীকৃত ও আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব ব্যবস্থাকে উপেক্ষা করে এ নীতি বাস্তবায়ন করা হলে রোগ নির্ণয় ও ডায়াগনোস্টিক সেবার গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

একই সঙ্গে এই নীতি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টস (বিএসিবি)। এর পরিপ্রেক্ষিতে প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করে স্বাস্থ্য অধিদপ্তরের নোটিসের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট।

এ তথ্য জানিয়ে গত ২ মার্চ বিএসিবির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আদালতের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা আপাতত দূর হয়েছে। আমরা আশা করছি, মাননীয় আদালতের চূড়ান্ত রায়ের মাধ্যমে বিষয়টি ন্যায্য ও বাস্তবসম্মত সমাধানের দিকে এগিয়ে যাবে, যা দেশের ল্যাবরেটরি সেবার মানোন্নয়ন এবং পেশাগত মর্যাদা রক্ষায় সহায়ক হবে।’

এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক