খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি অধ্যাপক রফিকুস সালেহীন
মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি তাঁকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন।
রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অধ্যাপক ডা. রফিকুস সালেহীনকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের মেয়াদ চার বছর। তিনি বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ডা. রফিকুস সালেহীন একজন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।
টিআই/