আধুনিক চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্স অবৈজ্ঞানিক চিন্তা: ড্যাব
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় সংসদে উত্থাপিত পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়টি বর্তমান আধুনিক চিকিৎসা সেবার প্রেক্ষাপটে একটি অবৈজ্ঞানিক চিন্তা বলে জানিয়েছে সরকার দলীয় চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। তারা বলেছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে 'ডাক্তার' পদবি ব্যবহারের আইনি বাধা থাকা সত্ত্বেও এ ধরনের কোর্স জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে পল্লী চিকিৎসকদের মাধ্যমে অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং ভুল চিকিৎসায় অকালমৃত্যুর মতো ঘটনাগুলো পুনরাবৃত্তিরও আশঙ্কা ব্যক্ত করেছেন ড্যাব নেতারা।
শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এসব কথা বলেন।
কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্পতি মহান জাতীয় সংসদে একজন মাননীয় সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়টি বর্তমান আধুনিক চিকিৎসা সেবার ক্ষেত্রে অবৈজ্ঞানিক চিন্তা। এমবিবিএস বা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে মান্ডার পদবী ব্যবহার করতে পারবেন না বলে গত বছরের ১২ মার্চ রায় দিয়েছে হাইকোর্ট।’
তারা বলেন, ‘অতীতে পল্লী চিকিৎসকদের দ্বারা এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে আমাদের দেশে বর্তমানে এন্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ছে। এ ছাড়াও পল্লী চিকিৎসকদের দ্বারা অপচিকিৎসার ফলে বহু মানুষের অকালমৃত্যু হয়েছে। এমতাবস্থায় আবারো পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্স আবারো চালু করলে চিকিৎসকদের নিয়ে জনমনে ভ্রান্ত ধারণা তৈরি হবে।’
ড্যাব নেতারা বলেন, যেখানে বর্তমানে মানহীন মেডিকেল কলেজসমূহের মানোন্নয়ন করা সম্ভব না হলে কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া চলমান; সেখানে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কোর্স চালু করা বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ, যা বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে পশ্চাৎমুখী করবে। বর্তমানে প্রান্তিক জনগোষ্ঠীর স্বস্থ্যসেবা প্রদানের জন্য কমিউনিটি ক্লিনিকে প্রশিক্ষণপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদটি চালু রয়েছে বিধায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্সটি চালু করার কোনো প্রয়োজন নেই বলে ড্যাব নেতৃদ্বয় মনে করেন।
এমইউ/