১২ মার্চ, ২০২৬ ০১:৩০ এএম
‘শহীদ দিবসের’ সেমিনারে বক্তারা

গঠনমূলক ছাত্ররাজনীতির সংস্কৃতি গড়তে ক্যাম্পাসে সহাবস্থান ও সংলাপ জরুরি

গঠনমূলক ছাত্ররাজনীতির সংস্কৃতি গড়তে ক্যাম্পাসে সহাবস্থান ও সংলাপ জরুরি
প্রেস ক্লাবে ‘পেশীশক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের প্রবণতা: ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যাম্পাসে পেশীশক্তি ও আধিপত্যের রাজনীতি পরিহার করে সহিষ্ণু, মূল্যবোধনির্ভর ছাত্ররাজনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, লেজুড়বৃত্তিক রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান ও সংলাপের পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ছাড়া শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে গঠনমূলক ও দায়িত্বশীল রাজনীতি চর্চার ওপরও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ক্যাম্পাসে সহিংসতা বন্ধে রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার কথা বলা হয়।

বুধবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘পেশীশক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের প্রবণতা: ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়।

শহীদ দিবস স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেডিকেল জোনের এ আয়োজনের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবিরের তৃতীয় ও ১১ মার্চ ছাত্রশিবিরের শহীদ দিবসের অন্যতম শহীদ আইয়ুব আলীর গর্বিত সহোদর গোলাম হোসেন।

তিনি বলেন, ‘শহীদ আইয়ুব ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠস্বর। তিনি কখনও কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না।’ শহীদদের হত্যাকাণ্ডের বিচার দাবি করে বক্তব্য শেষ করেন গোলাম হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক, গবেষক ও কবি ড. মাহফুজুর রহমান আখন্দ।

মেডিকেল জোন সেক্রেটারি ডা. জুলফিকার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জোন সভাপতি ডা. যায়েদ আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরে ইতিবাচক রাজনীতি ও সহপাঠ্যক্রমের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ছাত্র রাজনীতি মানে হচ্ছে ছাত্রদের স্বার্থ নিয়ে কথা বলা। ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে, মেধা চর্চা করবে, মেধার বিকাশ ঘটাবে, গবেষণায় মনোনিবেশ করবে, মুক্তভাবে কথা বলবে, শিক্ষাসংক্রান্ত ন্যায়সংগত দাবি তুলবে, অধিকারের কথা বলবে, সামাজিক ন্যায়বিচারের কথা বলবে, সুশাসনের কথা বলবে।

‘একই সঙ্গে তারা সমাজ-সংস্কৃতির আদর্শিক চর্চা করবে, প্রচার করবে, পরমতসহিষ্ণু হবে, ছাত্র-শিক্ষক-কর্মচারীর সুসম্পর্ক স্থাপিত হবে, সংগঠিত হবে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবে এবং নেতৃত্বের বিকাশ ঘটাবে’—বলেন তিনি।

রাবি অধ্যাপক আরও বলেন, ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো আদায়ে আলোচনা-পর্যালোচনা ও সংলাপের মাধ্যমে জনমত গঠন এবং সেগুলো আদায়ে কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রসংগঠনগুলো লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে আসতে চাইলে আর্থিক সমস্যা সমাধানে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন এবং অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্ব নিরসনে প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারণ জরুরি। তিনি আরও বলেন, ১৯৮২ সালের ১১ মার্চ ছাত্র হত্যার মধ্য দিয়ে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের কালো ছায়া নেমে আসে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

তিনি বলেন, ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নবাগত সংবর্ধনা অনুষ্ঠানে জাসদ, ছাত্রলীগ, ছাত্রমৈত্রী ও ছাত্রফ্রন্ট ছাত্রশিবিরের উপর হামলা চালায়। হানাদাররা শিবিরের কর্মীদের মাথা থেতলে দেয় এবং পিটিয়ে হত্যা করে। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে।

১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে শত জুলুম নির্যাতনের পরও ছাত্রশিবির তার ছাত্রবান্ধব কর্মসূচি থেকে একদিনের জন্যও বিরত থাকেনি বলেও জানান আজিজুর রহমান আজাদ। 

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক আলী আহমাদ মাবরুর। তিনি বলেন, ‘বাংলাদেশে ক্যাম্পাস ভায়োলেন্সের সূচনা হয় ছাত্রশিবিরের উপর সহিংসতার মধ্য দিয়ে, তবে সেটি শেষ হয়নি আজও।

তিনি দেশের বিভিন্ন সহিংসতার ঘটনায় শাহাদাত বরণ করা শহীদদের স্মরণ করেন এবং ছাত্র রাজনীতির সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রতি গুরুত্বারোপ করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত