স্কুল-কলেজ ও মাদরাসায় টানা ৩৮ দিনের ছুটি
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষক-শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা সাপ্তাহিক ছুটির সুবিধায় ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।
এর আগে গত রোববার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ পূর্বের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। এতে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়।
নির্বাচনের ছুটির মধ্যেই মাদরাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন। মাদরাসার বর্ষপঞ্জি অনুযায়ী, তাদের ছুটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।
অন্যদিকে কলেজগুলোর প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। কলেজে ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।
টিআই/