০২ জানুয়ারী, ২০২৬ ০৭:১৫ পিএম

হাদি হত্যাকাণ্ড: ৭ জানুয়ারির মধ্যে জড়িতদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল না হলে সরকার পতনের আন্দোলন

হাদি হত্যাকাণ্ড: ৭ জানুয়ারির মধ্যে জড়িতদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল না হলে সরকার পতনের আন্দোলন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে শহীদ শরীফ মো. ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর নেপথ্যে থাকা প্রত্যেককে চিহ্নিত করে ৭ জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তা না হলে ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার (২ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।

এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে শাহবাগ মোড়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত ২৬ ডিসেম্বর থেকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ধারাবাহিক কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এর মধ্যে ২৯ ডিসেম্বর ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে একটি অনলাইন প্রচার কর্মসূচির ঘোষণাও দেয় সংগঠনটি।

সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন,‘ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল। ফলে অনেকেই মনে করেছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময় তারা ক্ষমতায় আসতে পারবে না। সীমান্তে লাশ ফেলা যাবে না। দিল্লির তাঁবেদারি করা যাবে না। সবকিছু একই সূত্রে গেঁথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে।’

হত্যাকাণ্ড নিয়ে সরকারের বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদি খুনের সঙ্গে জড়িত দুজনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। মেঘালয় পুলিশ বলছে, কাউকে গ্রেপ্তার করেনি। তার মানে হলো ওসমান হাদির হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।’

খুনের ঘটনার ২১ দিন পার হলেও সরকার প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘১১ জনকে গ্রেপ্তার করেছে। খুনিদের বাপ, মা, বোন, ভাইকে গ্রেপ্তার করেছে। খুনের সঙ্গে সম্পৃক্ত, এমন একজনকেও তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। গ্রেপ্তারের বিষয়ে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হচ্ছে না।’

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির মধ্যে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব ব্যক্তিকে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। অন্যথায় ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে নামবে ইনকিলাব মঞ্চ।
এ সময় তিনি জানান, হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল থেকে সব বাংলাদেশপন্থী রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি বলেন, ‘যারা বাংলাদেশপন্থী, তাদের সহযোগিতা চাইব। সহযোগিতা না পেলে আমরা রাজপথেই থাকব।’

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক