ঢাকার বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ফুটসাল টুর্নামেন্ট শুরু
মেডিভয়েস রিপোর্ট: ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোনের উদ্যোগে ‘ইমার্জিং ফুটসাল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। বৃহস্পতির (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মিরপুরের ডিবক্স স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টের খেলা শুরু হয়।
উদ্বোধনী ম্যাচে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দল ‘নবাব’-এর মুখোমুখি হয় ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজের দল। মেডিকেল জোনের ক্রীড়া সম্পাদক ডা. আবু হুরাইরার সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও শৃঙ্খলা গড়ে তুলতে সহায়ক।
আয়োজকদের সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। আজ গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২ জানুয়ারি ২০২৬ ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
টুর্নামেন্টে অংশ নেওয়া একজন খেলোয়াড় বলেন, ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়াবে এবং পড়াশোনার চাপ কমাতে সহায়তা করবে।
আয়োজকরা জানান, সুস্থ, সবল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনের লক্ষ্যে এই ক্রীড়া আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ জানান তারা।
উদ্বোধনী দিনে খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।
টিআই/