২২ ডিসেম্বর, ২০২৫ ০৭:৫৬ পিএম

নিকডু শিক্ষক সমিতির জার্নাল প্রকাশ ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন

নিকডু শিক্ষক সমিতির জার্নাল প্রকাশ ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের (নিকডু) শিক্ষক সমিতির  জার্নাল প্রকাশ এবং শিক্ষক সমিতির গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় নিকডু অডিটোরিয়ামে জার্নাল প্রকাশ ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন নিকডু শিক্ষক সমিতি।

এ সময় সদ্য পাস করা (এফসিপিএস, এমএস ও এমডি) এবং সদ্য পদোন্নতি পাওয়া চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হয়।

শুরুতেই শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এবং সদ্য শাহাদাত বরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীসহ সকল জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ডা. মশিউর আরেফিন রুবেল। সঞ্চালনায় ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার মো. কবির হাসান (পল্লব)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলফা সানী, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ডা. শাহে নেওআজ দেওয়ান, ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শওকত আলম, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. আ ন ম এহসানুল করিম, ট্রান্সপ্লান্ট ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফজল নাসের, শিশু ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. ফয়সাল ইসলাম, শিশু নেফ্রোলজি বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. কবির আলম, অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. তানভীর আলম, রেডিওলজি বিভাগীয় প্রধান ডা. তাহমিনা ইসলাম ও মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোরশেদ আলম।

অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. মো. হাসিবুর রহমান, সহকারী পরিচালক ডা. মাসুদ পারভেজ, আবাসিক সার্জন ডা. সানাউল্লাহ সানু, ডা. শেখ আমিরুল ইসলাম, আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ রানা কবির, ডা. রাশেদুল ইসলামসহ সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা নার্স ও কর্মচারীবৃন্দ।

স্বাগত বক্তব্যে ডা. শাহ নেওয়াজ দেওয়ান শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জানান, তাঁর ইচ্ছাতেই নিকডুর পথচলা শুরু হয়েছিল। তিনি বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। এরপর ৫ আগস্টের পর শিক্ষক সমিতি গঠনের প্রক্রিয়ার আলোকপাত করেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের জানুয়ারি ও জুলাই সেশনের দুইটি জার্নাল এবং শিক্ষক সমিতির গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করা হয়। সমাপনীতে ২০ জন সদ্য উচ্চতর ডিগ্রি অর্জনকারী চিকিৎসক এবং ৪২ জন পদোন্নতি পাওয়া চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা জার্নাল প্রকাশের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিগত এক বছরে নিকডুর চিকিৎসা সেবার অগ্রগতি সম্পর্কে তথ্য দেন। হাসপাতালটিতে বর্তমানে প্রতিনিয়ত ৬টি অপারেশন থিয়েটারে (ওটি) অস্ত্রোপচার করা হচ্ছে। এ সময় ৪৪টি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং গত এক মাসে প্রায় পাঁচটি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। বহির্বিভাগে নিয়মিত প্রায় দেড় সহস্রাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আলফা সানি তাঁর বক্তব্যে বলেন, ‘সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। হাসপাতালকে এগিয়ে নেওয়া সকলের দায়িত্ব ও কর্তব্য। আমরা সবাই মিলে হাসপাতালের চিকিৎসা সেবা উন্নত করব। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষক সমিতি তাদের কাজ আরও দৃঢ়তার সঙ্গে পরিচালনা করবে।’

সভাপতি অধ্যাপক ডা. মশিউর আরেফিন রুবেল বলেন, ‘ভবিষ্যতে নিকডু একটি আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিকডু অতি দ্রুত সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠিত হবে।’ পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত