খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের: মাহদী আমিন
মেডিভয়েস রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁর চিকিৎসা পরিচালনা করছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত একটি টিম। লন্ডন থেকেও সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান এবং তাঁর স্ত্রী ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
তিনি লিখেছেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ–বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। মায়ের চিকিৎসা যেন কোনো সীমাবদ্ধতায় না পড়ে, সেজন্য প্রতিটি পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন তারেক রহমান।
মাহদী আমিন আরও জানান, প্রতিদিন বিপুল সংখ্যক নেতাকর্মী হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নেওয়ার চেষ্টা করছেন। তবে ইনফেকশনের ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দূর থেকেই নেতাকর্মীরা উদ্বেগ ও ভালোবাসা প্রকাশ করছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে লন্ডনের সেই চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যেখানে চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে তিনি উন্নতি লাভ করেছিলেন। পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তিসজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার উদ্যোগও চলছে।
দেশবাসীর উদ্দেশে মাহদী আমিন আশা প্রকাশ করে বলেন, জনগণের দোয়া ও ভালোবাসায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে। আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষের অনুপ্রেরণা হয়ে উঠবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবেন।
এর আগে, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন তাঁর তীব্র শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা–নিরীক্ষার পর তাঁর চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাঁকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
টিআই/
-
০১ ডিসেম্বর, ২০২৫