১৬ নভেম্বর, ২০২৫ ০৯:২০ পিএম

‘ইন্টার্নশিপের দক্ষতা ভবিষ্যতে একক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়’

‘ইন্টার্নশিপের দক্ষতা ভবিষ্যতে একক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়’
সিলেটে ইন্টার্ন চিকিৎসক সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. ইসমাইল হোসেন পাটোয়ারী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ইন্টার্নশিপ একজন শিক্ষার্থীকে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তোলে বলে মন্তব্য করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) ডা. ইসমাইল হোসেন পাটোয়ারী। তিনি বলেন, এ সময়ে শেখা প্রতিটি দক্ষতা ভবিষ্যতে একক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। প্রচুর কাজ করেও আচরণগত কারণে অনেক সময় রোগীর প্রশংসা মেলে না বলেও উল্লেখ করেন এসএমইউ ভিসি।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ইন্টার্ন চিকিৎসক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে পাঁচ মেডিকেল কলেজের সদ্য এমবিবিএস পাস করা চার শতাধিক নবীন চিকিৎসকদের নিয়ে এ অনুষ্ঠানের করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

অনুষ্ঠানে এসএমইউ ভাইস চ্যান্সেলর বলেন, ‘একজন সফল চিকিৎসকের জন্য তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নলেজ, দক্ষতা বৃদ্ধি এবং আচরণ। প্রথমত নলেজ আপডেট রাখা জরুরি। দ্বিতীয়ত, স্কিল ডেভেলপমেন্ট—যা ইন্টার্নশিপের সময় সবচেয়ে কার্যকরভাবে অর্জন করা যায়। এ সময়ই শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে হবে কোন বিষয়ের পথে হাঁটবেন। মেডিসিনে মেজর-মাইনর বলে কিছু নেই; প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ।’

এ সময় আচরণকে চিকিৎসক জীবনের সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করেন ডা. ইসমাইল হোসেন পাটোয়ারী। তিনি বলেন, ‘সিমপ্যাথি এবং এমপ্যাথি—দুটিই একজন চিকিৎসকের অপরিহার্য গুণ। রোগীকে সন্তুষ্ট করতে হলে এই মনোভাব থাকা প্রয়োজন। আমরা অনেক সময় অনেক কাজ করেও রোগীর সাধুবাদ পাই না, এর মূল কারণ আচরণ।’

ইন্টার্নশিপের সময় শেখা প্রতিটি স্কিল ভবিষ্যতে একক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই সময়টিকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে।

নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মুসলিম হিসেবে আমাদের প্রতিটি কাজে জবাবদিহির বিশ্বাস থাকতে হবে। ন্যায়-অন্যায় বুঝে চলতে পারলেই কোনো চিকিৎসক কখনো পিছিয়ে পড়বেন না।’

এনডিএফ সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক। বক্তব্যে এনডিএফের কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন, ইথিকস হলো পেশাগত জীবনের হার্ট। ইথিক্যাল প্যাক্টিস ছাড়া আখেরাতে মুক্তি অসম্ভব।

ডা. মো. জাহেদ হোসাইন ও ডা. মো. সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিএফ কেন্দ্রীয় সহ-সভাপতি (সিলেট বিভাগ) ডা. আবুল হাশেম চৌধুরী, এনডিএফ (সিওমেক) সভাপতি ডা. খালেদ মাহমুদ, এনডিএফ সিলেটের উপদেষ্টা ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা বিল্ডিং ক্লিনিক্যাল কনফিডেন্স নিয়ে আলোচনা করেন ডা. মুহিবুর রহমান ও মেডিকেল ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক আলোচনা করেন ডা. আব্দুর রউফ মুন্না।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত