সুনামগঞ্জে মেডিকেল টেকনোলজিস্টের ওপর সন্ত্রাসী হামলা, বিএমটিএর প্রতিবাদ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ) সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক জুয়েল সেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের গ্রিন লাইফ ডায়াগনোস্টিক সেন্টার থেকে বাসায় ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএমটিএ।
রোববার (১২ অক্টোবর) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. ওবাইদুর রহমান এবং ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত সংবাদ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিএমটিএর নেতারা বলেন,‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
হামলায় আহত জুয়েল সেনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয় সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা তাঁকে রাস্তা আটকে মারধর করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় জুয়েল সেনের ছোট ভাই সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
টিআই/এমইউ