জামায়াত আমিরের বাইপাস সার্জারি সম্পন্ন, আস্থা রাখায় কৃতজ্ঞ চিকিৎসকরা
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করেন।
এদিকে দেশে চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখায় জামায়াত আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিকিৎসকরা। দুপুরে সার্জারি শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহাঙ্গীর কবির এ কথা জানান।
তিনি জানান, ডা. শফিকুর রহমানের দুইটি ধমনিতে চারটি বাইপাস করা হয়েছে। দেশের চিকিৎসকদের প্রতি তার আস্থা অন্যদের অনিপ্রাণিত করবে। এই সার্জারি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছে। এতে করে অনেকেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখবেন এবং এ ধরনের অসুস্থতায় দেশের বাইরে চিকিৎসা নেয়ার প্রবণতা কমে আসবে।
এর আগে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার পর দুই দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃদপিন্ডে ব্লক ধরা পড়ে।
এর আগে ডা. শফিকুর রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি দেশের বাইরে চিকিৎসা না নিয়ে দেশেই চিকিৎসা নিতে এককভাবে সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
এনএআর/
-
০৭ মার্চ, ২০২৫
-
০৬ মার্চ, ২০২৫