উখিয়া উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী
মেডিভয়েস রিপোর্ট: জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলাস্থ ইনানী নৌ কন্টিনজেন্ট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রোববার (২৭ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ‘বানৌজা পতেঙ্গা’ও ‘সম্মুখ ঘাঁটি কক্সবাজার’-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পেইনে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত শিশু, নারী-পুরুষসহ প্রায় সাত শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করেন। ইনানীতে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী দরিদ্র ও অসহায় জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসআইএস/