০৭ মার্চ, ২০২৫ ০৩:৩৬ পিএম

পদোন্নতিসহ দুই দাবিতে শনিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি শুরু

পদোন্নতিসহ দুই দাবিতে শনিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি শুরু
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: দুই দফা দাবিতে শনিবার কর্মবিরতি শুরু করতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। সকাল ১০টা টানা তিন দিন দুই ঘণ্টা করে চলবে এই কর্মসূচি।

আজ শুক্রবার (৭ মার্চ) ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি এক প্রেস কনফারেন্সে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ ন্যায্য পদোন্নতি ও সকল প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে ও সকল চিকিৎসা সোসাইটির সমর্থনে ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে।

এ সময় চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন বলেও উল্লেখ রয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। তবে জরুরি বিভাগ কর্মসূচির আওতার বাইরে থাকবে, যাতে রোগীদের জরুরি চিকিৎসা ব্যাহত না হয়।

দাবি আদায় না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দুই দফা দাবি হলো—

১. চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সকল বিশেষজ্ঞ চিকিৎসকের অতিদ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা

২. তৃতীয় গ্রেডপ্রাপ্ত সকল যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান করে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করুন। অন্যথায়, দেশের চিকিৎসা ব্যবস্থা দীর্ঘস্থায়ী সংকটে পড়তে পারে।’

এর আগে ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর কনফারেন্স রুমে আয়োজিত প্রেস কনফারেন্সে পাঁচটি দাবি তুলে ধরেছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ডা. মো. বশীর আহম্মেদ খান। সেগুলো হলো—

১.  বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বিভিন্ন কারণে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের ভূতাপেক্ষিকভাবে পদোন্নতি দিতে হবে।

২. যেহেতু পদোন্নতি প্রার্থীর সংখ্যা এত বেশি যে শুধুমাত্র পদ সৃষ্টির প্রক্রিয়া অনুসরণ করলে বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এক্ষেত্রে জনগণের চাহিদাকে বিবেচনায় নিয়ে নানা বিষয়ে পর্যাপ্ত সংখ্যক নতুন পদ সৃষ্টি করা।

৩. সম্ভাব্য নতুন পদের জন্য বর্তমানে আবেদনকারীদের মধ্য থেকে অধিক সংখ্যায় ভূতাপেক্ষভাবে পদের অতিরিক্ত পদোন্নতি বা সুপারনিউমারারি বা ইনসিটু পদোন্নতি দিয়ে বিদ্যমান জট কমিয়ে জনগণের স্বাস্থ্যসেবার পথ সুগম করা।

৪. সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় সকল বিষয়ে দ্রুত ও জরুরি ভিত্তিতে সহকারী/সহযোগী/অধ্যাপক পদে ভূতাপেক্ষভাবে সুপারনিউমারারি পদোন্নতি ও প্রয়োজনে ইনসিটু পদোন্নতি দেওয়া।

৫. যেহেতু প্রতি বছর অনেক বিশেষজ্ঞ চিকিৎসক অবসরে যান এবং মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে মেডিকেল শিক্ষার্থী ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী বৃদ্ধি পায়, সেহেতু প্রতি বছর অন্তত দুইবার পদোন্নতির নিয়ম চালু করা এবং আন্ত ও অন্তঃক্যাডার বৈষম্য কমিয়ে আনতে একটি যুগোপযোগী পদোন্নতি নীতিমালা প্রণয়ন করা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক