৩১ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৫ পিএম

আসক্তিহীন নতুন ব্যথানাশক ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রের

আসক্তিহীন নতুন ব্যথানাশক ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

মেডিভায়েস ডেস্ক: নতুন ব্যথানাশক ওষুধ জারনাভ্যাক্সের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জারনাভ্যাক্সের অনুমোদন দিয়েছে এফডিএ। ব্যথানাশক ওষুধটির নির্মাণ প্রতিষ্ঠান ‘ভারটেক্স ফার্মাসিউটিক্যালস’। প্রতিষ্ঠানটির দাবি, এই ব্যথানাশক আসক্তিমূলক নয়। প্রাপ্তবয়স্কদের স্বল্পমেয়াদি ব্যথার চিকিৎসার জন্য এই ওষুধ ব্যবহার করা যাবে।

এফডিএ জানিয়েছে, মানুষের শরীরে নতুন ব্যথানাশক ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রোপচারের পর ব্যথা কমানোর ক্ষেত্রে জারনাভ্যাক্স কার্যকারিতা দেখিয়েছে। এই ওষুধের অনুমোদন দেওয়াকে জনস্বাস্থ্য খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ভারটেক্স ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, এই ওষুধটিতে আসক্তি সৃষ্টিকারী উপাদান ওপিওয়েড নেই। এটি মাঝারি থেকে গুরুতর ব্যথার উপশম করতে পারে। ওষুধটির প্রতি ক্যাপসুলের দাম হবে ১৫.৫০ ডলার।

কোম্পানিটি আরও জানিয়েছে, এখনও এটি শিশুদের জন্য নিরাপদ এবং কার্যকর কিনা তা নির্ধারণ করা হয়নি। এই নতুন ওষুধটি একদিকে যেমন ব্যথা কমাতে সহায়ক, তেমনি আমেরিকার ওপিওয়েড আসক্তি সংকটের মোকাবেলায় একটি বড় পদক্ষেপ হতে পারে।

ভারটেক্স জানিয়েছে, ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম অনুমোদন পাওয়া কোনো নতুন ধরনের ব্যথানাশক ওষুধ এটি। ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই জারনাভ্যাক্স ভিন্ন উপায়ে কাজ করে। 

জানা গেছে, যুক্তরাষ্ট্রে প্রতিবছর মাঝারি থেকে তীব্র ব্যথা সারাতে প্রায় ৮ কোটি মানুষকে ওষুধ খেতে পরামর্শ দেওয়া হয়। ভারটেক্সের প্রধান নির্বাহী রেশমা কেওয়ালরামানি এই অনুমোদনকে ঐতিহাসিক মাইলফলক বলেছেন।

টিআই/এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও