গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান বৈষম্যবিরোধী কর্মচারী ফোরামের
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২৪ এর গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের একটি প্রতিনিধিদল। তারা গণঅভ্যুত্থানে চোখ হারানোদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনে রাষ্ট্রের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে ফোরামের পক্ষ থেকেও সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে আহত ছাত্র-জনতার খোঁজ-খবর নেয় ফোরামের প্রতিনিধিরা। এ সময় তারা হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার অগ্রগতি, চাহিদা ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। একইসঙ্গে হাসপাতালের চিকিৎসা ও লজিস্টিকস সাপোর্টের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
তারা জানান, আহত সকলেই চোখের মারাত্মক সমস্যা নিয়ে ভর্তি আছে। তাদের চোখের সমস্যার অনেকটা উন্নতি হলেও এখনও দীর্ঘ চিকিৎসার প্রয়োজন রয়েছে। বেশিরভাগের অন্তত একটি চোখ অন্ধই থাকবে। কাউকে কাউকে বিদেশে চিকিৎসা করানো হলে সমস্যার কিছুটা সমাধান হতে পারে। কয়েকজনকে বিদেশে চিকিৎসা জন্য নেওয়ার প্রস্তুতি চলছে।
পুনর্বাসনের প্রয়োজনীয়তা বিষয়ে তারা বলেন, আহতদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের প্রয়োজন হবে। সেজন্যে আর্থিক বরাদ্দের প্রয়োজন আছে। এটা যেমন রাষ্ট্র করবে, তেমনি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছে। এই ফোরাম নিজেও সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবে।
পরিদর্শনকালে কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী সচিব (পিআরএল) ড. মো. আখতারুজ্জামান তালুকদার, সিনিয়র সহকারী সচিব (পিআরএল) ড. মো. ফরিদুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব (পিআরএল), সিনিয়র সহকারী সচিব (পিআরএল) মোহাম্মদ আলী, মো. ইহসানুল হক, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ শফিউল্লাহ, সাবেক উপসচিব মো. তাজুল ইসলাম, মোহম্মদ আব্দুল্লাহ আল মামুন, মো. গিয়াস উদ্দিন মোগল, উপসচিব (পিআরএল) ড. আবু বকর ও সাবেক যুগ্ম সচিব মো. মকবুল হোসেন।
জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন বিশেষ সেল প্রতিনিধি ও সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল এবং আহতদের চিকিৎসায় হাসপাতাল চিকিৎসক প্রতিনিধি সহকারী অধ্যাপক (ভিট্রিও রেটিনা) ডা. যাকিয়া সুলতানা নীলা।
এসআই/
-
১২ অক্টোবর, ২০২৪