০৩ জানুয়ারী, ২০২৫ ০৪:১১ পিএম

নিয়ম মেনে ডায়াবেটিস রোগীরাও রোজা রাখতে পারবেন: এসিইডিবি

নিয়ম মেনে ডায়াবেটিস রোগীরাও রোজা রাখতে পারবেন: এসিইডিবি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিয়ম মেনে ডায়াবেটিস রোগীরাও সহজে রোজা রাখতে পারেন। আধুনিক চিকিৎসা পদ্ধতি নিরাপদে রোজা রাখার সুযোগ করে দিয়েছে। তবে এক্ষেত্রে পূর্ব প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ‘নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালন, কিছু কর্মসূচি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেছেন।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্লিনিক্যাল অ্যান্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসিইডিবি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয় হচ্ছে রোজা। প্রতি বছর রোজা রাখতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে কিছু নিয়ম মেনে ডায়াবেটিস রোগীরা সহজে রোজা রাখতে পারবেন। আধুনিক চিকিৎসা পদ্ধতি সহজে ও নিরাপদে রোজা রাখার সুযোগ করে দিয়েছে।

এসিইডিবির সভাপতি অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন বলেন, নিয়ম মেনে সব ধরনের ইবাদত পালন করা যায়, ডায়াবেটিস রোগীও রোজা রাখতে পারবেন। যাদের রোজা রাখার সামর্থ্য আছে, তাদের জন্য ডায়াবেটিস এমন কোনো বাধা নয়। তবে প্রয়োজন পূর্ব প্রস্তুতি। ডায়াবেটিস রোগীদের রমজানের কমপক্ষে ২-৩ মাস আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রস্তুতি নিতে হবে।

এক গবেষণার বরাত দিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রায় ৮০ ভাগ ডায়াবেটিস রোগী রোজা রেখে থাকেন। এ ছাড়া সারাবিশ্বে প্রায় ৫০ মিলিয়ন ডায়াবেটিস রোগী রোজা রাখেন। কিন্তু ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন, তারা কিছু জটিলতার সম্মুখীন হন। বিশেষ করে, তারা রক্তে সুগারের স্বল্পতা (হাইপোগ্লাইসেমিয়া), রক্তে সুগারের আধিক্য (হাইপারগ্লাইসিমিয়া), ডায়াবেটিস কিটোএসিডোসিস, পানিশূন্যতা বা ডিহাইড্রেশনে ভোগেন।  

উল্লেখ্য, ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার বিষয়ে দীর্ঘদিন থেকে সর্বস্তরের জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যান্ড্রোক্রাইন বিভাগ। রমজানের আগে এ হাসপাতালের অ্যান্ড্রোক্রাইনোলজিস্টরা সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এ ছাড়া বাংলাদেশের অ্যান্ড্রোক্রাইনোলজিস্টদের সংগঠন এসিইডিবি ২০২৩ সালের অক্টোবরে গুরুত্বপূর্ণ বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য রজব মাসকে ‘ডায়াবেটিস ও রমজান সচেতনতা মাস’ ঘোষণা করেছে।

প্রতি বছরের মতো এবারও এসিইডিবি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। রজব মাসের কর্মসূচির মধ্যে আছে চিকিৎসকদের প্রশিক্ষণ, ডায়াবেটিস রোগীদের প্রশিক্ষণ, মসজিদের খতিবদের সঙ্গে আলোচনা, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সংবাদ সম্মেলন এর মধ্যে অন্যতম বলে জানান বক্তারা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত