ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৭
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ২৮০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ১০৮ জনে। এর মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৮৫৮ জন রোগী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইজন। অপরজন ঢাকা উত্তরের বাসিন্দা।
হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬, ঢাকা উত্তর সিটিতে ২৫৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫১ ও খুলনা বিভাগে ১৩৬ আক্রান্ত হয়েছেন।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৫ জন এবং সিলেট বিভাগে চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
এ ছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।
এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
এনএআর/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫