শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা
‘ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
মেডিভয়েস রিপোর্ট: প্রতিবেশী দেশের সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে রোববার (৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন সরকারপ্রধান। এতে যোগ দেন আন্দোলনে অংশ নেওয়া ১৫০ জন ছাত্র প্রতিনিধি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।’
পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী।
এ সময় বাংলাদেশের ছাত্ররা পৃথিবীর তরুণদের মনে স্বপ্ন জাগিয়েছে বলে উল্লেখ করেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর তরুণদের মনে প্রচণ্ড ঢেউ ও স্বপ্ন জাগিয়ে দিয়েছো তোমরা। তরুণদের হাতে সৃষ্টি হবে নতুন পৃথিবী। আর তোমরাই এর সূত্রপাত করেছো। অর্থাৎ সুন্দর বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবী গড়ার সূত্রপাত। তোমরা সাধারণ থেকে পৃথিবীব্যাপী অসাধারণ হিসেবে স্বীকৃত হবে। কারণ তোমরা অসাধারণ কাজ করেছো। সেই কাজে যেন বিরতি না আসে, সেটাই হলো আমাদের প্রতিজ্ঞা।’
‘তোমাদের কাছে আমার একটি প্রস্তাব, অন্তত মাসে একটি করে চিঠি লিখো আমাদের কাছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে—এটা বাকি রয়ে গেল, ওটা ঠিক হলো না। কারণ আমাদের মাথা থেকে হারিয়ে যেতে পারে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসেছো, আমরা সেভাবে দেখতে জানি না। সেই জানান দেওয়ার জন্য আমাদের গুঁতো (স্মরণ করানো) দিতে হবে, যাতে আমরা বিচ্যুত না হই’—যোগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রসঙ্গত, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। আজ সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
এমইউ/