স্বাস্থ্যের মহাপরিচালকের পদত্যাগের গুঞ্জন
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের পদত্যাগের গুঞ্জন শোনা গেছে। আজ বৃহস্পতিবার (১৫) সন্ধ্যায় তিনি পদত্যাগ করেছেন বলে চিকিৎসক মহলে আলোচনা শুরু হয়েছে।
একটি সূত্রটি জানিয়েছে, অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সন্ধ্যা ছয়টার দিকে পদত্যাগপত্র বাসা থেকে পাঠিয়ে দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাতে মেডিভয়েসকে বলেছেন, ‘আমিও আপনার মতো শুনেছি। তবে এখনো নিশ্চিত হতে পারিনি। স্বাস্থ্য অধিদপ্তরে স্যারের দায়িত্বের সমাপ্তি ঘটতে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। তবে স্যার চাচ্ছেন সম্মানজনক প্রস্থান।’
আরেকটি সূত্র জানিয়েছে, আজ সকালে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে যান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞাও সেখানে যান।
তবে তাঁরা কেন সেখানে গিয়েছেন কিংবা পদত্যাগের ব্যাপারে তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পদত্যাগ করছেন। সরে গেছেন দেশের ১৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনিক পদে থাকা শীর্ষ পদধারীরা।
এমনই প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন চিকিৎসকরা। গত ১৩ আগস্ট রাজধানীর মহাখালীতে অধিদপ্তরে ঘেরাও কর্মসূচি পালন করেছেন তারা।
বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের উদ্যোগে সকাল ৯টা থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে পালন করেন তারা। কর্মসূচিতে মহাপরিচালকের পদত্যাগের পাশাপাশি এনক্যাডারদের পদায়ন বাতিলের দাবি তুলেন তারা।
এমইউ/