শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রতিবাদ ড্যাবের
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আওয়ামীপন্থী শিক্ষক সিন্ডিকেট একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ সংগঠনটির।
গত রোববার (১১ আগস্ট) ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল আশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম যৌথভাবে এই প্রতিবাদ জানান। সংগঠনটির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি-বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বের আওয়ামী সিন্ডিকেটের শিক্ষকগণ এখনও বর্তমান রয়েছে। তারা একতরফাভাবে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, যা মোটেও কাম্য নয়।’
ভাষা আন্দোলন থেকে নিয়ে শেখ হাসিনার সরকারের পতনের কৃতিত্ব ছাত্র সমাজের উল্লেখ করে এতে আরও বলা হয়, ‘ছাত্ররাজনীতির মাধ্যমে আগামী দিনের দেশ পরিচালনার রাষ্ট্রনায়ক তৈরি হয়। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য ছাত্ররাজনীতি চালু রাখতে হবে।’
এ ছাড়া আওয়ামী সিন্ডিকেট কর্তৃক সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোর বিরোধিতা করে অচিরেই রাজনীতির সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয় বিবৃতিতে।
এনএআর/