শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ড. মুহাম্মদ ইউনূস
মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় ভাগ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি শিক্ষা বিষয়ক আরেকটি মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব নিয়েছেন তিনি। এই দুইটি মন্ত্রণালয় ছাড়াও ড. ইউনূস আরও ২৫টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।
শেখ হাসিনা সরকারের পতনের আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক রুমানা আলী।
মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টাদের মধ্যে সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। ড. আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়। হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মো. তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শারমীন এস মুরশিদ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ড. আ. ফ. ম. খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নুরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মো. নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এর আগে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ১৬ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয় এবং তারাও শপথ বাক্য পাঠ করেন।
এ সময় বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। আজ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করা হলো। ঢাকার বাইরে থাকায় তিনজন শপথ নেননি গতকাল।
এনএএন/