০৯ অগাস্ট, ২০২৪ ০১:১২ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সংক্ষিপ্ত পরিচিতি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সংক্ষিপ্ত পরিচিতি
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থী-নাগরিকের তুমুল বিক্ষোভের মুখে শেখ হাসিনার পদত্যাগের চারদিনের মাথায় বৃহস্পতিবার (৮ আগস্ট) গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারে জায়গা পেয়েছেন দুই শিক্ষার্থীসহ ১৭ জন বিশিষ্ট নাগরিক।

রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টা হলেন—১. সালেহ উদ্দিন আহমেদ, ২. ড. আসিফ নজরুল, ৩. আদিলুর রহমান খান, ৪. হাসান আরিফ, ৫. তৌহিদ হোসেন, ৬. সৈয়দা রিজওয়ানা হাসান, ৭. মো. নাহিদ ইসলাম, ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.), ১০. সুপ্রদিপ চাকমা, ১১. ফরিদা আখতার, ১২. বিধান রঞ্জন রায়, ১৩. আ.ফ.ম খালিদ হাসান, ১৪. নূর জাহান বেগম, ১৫. শারমিন মুরশিদ ও ১৬. ফারুক–ই–আজম।

নিচে তাদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো—

ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে তিনি ভ্যান্ডবিল্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট (জিপিইডি) থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৭৪ সালে তিনি বাংলাদেশের দারিদ্র্যদূরীকরণে উদ্যোগী হন। পরে দারিদ্র্যদূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জামানতবিহীন ক্ষুদ্রঋণের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন তিনি। দারিদ্র্যের বিরুদ্ধে তার নিরলস লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। এ পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’, ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। 

২৮ জুন তার জন্মদিনকে গত এক দশকের বেশি সময় ধরে বৈশ্বিকভাবে ‘সামাজিক ব্যবসা দিবস’ হিসেবে পালন করা হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৭ সালে যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ সম্পন্ন করেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা ফ্রেন্ডস অব আর্থ ইন্টারন্যাশনাল এবং আইইউসিএন’র নির্বাহী সদস্য।

পরিবেশবিষয়ক সচেতনতা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে জাতীয় পরিবেশ পদক, ২০১২ সালে র‌্যামন ম্যাগসেসে পুরস্কারের ভূষিত হন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে ২০০৯ সালে ‘পরিবেশের নোবেল’ খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার পান সৈয়দা রিজওয়ানা হাসান। ২০০৯ সালে টাইম সাময়িকী তাঁকে হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবে ভূষিত করে।

ফরিদা আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছেন ফরিদা আখতার। তার জন্ম চট্টগ্রামের চন্দনাইশ থানার হারলা গ্রামে। বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতিনির্ধারণী গবেষণা ও লেখালেখিই তার কাজের প্রধান জায়গা।

বর্তমানে তিনি উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে নারী ও গাছ, কৈজুরী গ্রামের নারী ও গাছের কথা। তিনি নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে দীর্ঘ প্রায় তিন দশক ধরে নিবিড়ভাবে কাজ করছেন।

নূরজাহান বেগম

নূরজাহান বেগম নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যে দায়িত্ব তিনি পেয়েছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। 

গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরুর দিকে তিনি ছিলেন অধ্যাপক ইউনূসের প্রথমসারির সহযোগীদের একজন। তিনি বিভিন্ন দেশে মাইক্রো-ক্রেডিট প্রোগ্রামের পরামর্শদাতা, প্রশিক্ষক এবং মূল্যায়নকারী হিসাবে কাজ করেছেন এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, সম্মেলন এবং সেমিনারে বক্তৃতা দিয়েছেন। তিনি গ্রামীণ ফাউন্ডেশন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি সংস্থার বোর্ডেও দায়িত্ব পালন করছেন।

নূরজাহান বেগম ২০০৭ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফরচুন মোস্ট পাওয়ারফুল উইমেন সামিটে অংশগ্রহণ করেন এবং ২০০৭ সালে স্পেনের ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত ফাউন্ডেশন ফর জাস্টিস পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতি নিযুক্ত হন। 

শারমিন মুরশিদ

শারমিন মুরশিদ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন। তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার নানা অনিয়ম নিয়ে কথা বলেন। দেশি-বিদেশি গণমাধ্যমে তার মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে প্রচার হয়। সবশেষ গত ৭ জানুয়ারির নির্বাচন বিষয়ে আমেরিকার একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি এই নির্বাচনকে নির্বাচন বলি না।’ বিষয়টি ব্যাপক আলোচিত হয়।

ড. আ ফ ম খালিদ হোসেন

আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন, যিনি ড. আ ফ ম খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত। তিনি একজন বাংলাদেশি সুন্নি দেওবন্দি ইসলামি পণ্ডিত। নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের এই কেন্দ্রীয় সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা। 

তিনি মাসিক আত তাওহীদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক। ড. খালিদ হোসেন বিশ্ব মুসলীম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নালসহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের ৩ থেকে ৯ খণ্ড ও সীরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। এ ছাড়াও তিনি ৪টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক।

ড. আ ফ ম খালিদ হোসেন ওমরগণি এম.ই.এস. কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক। এ ছাড়াও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। 

আদিলুর রহমান খান

আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। ২০২২ সালের অক্টোবর থেকে, আদিলুর রহমান খান আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের মহাসচিবদের একজন।

হাসান আরিফ

এএফ হাসান আরিফের জন্ম ১৯৪১ সালে কলকাতায়। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।

কর্মজীবনে তিনি ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন।

হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল। তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আসিফ নজরুল

একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি বেশ কিছু গ্রন্থের রচয়িতা। জীবিকাসূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। জন্মসূত্রে তার নাম মো. নজরুল ইসলাম। টিভি টক-শো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত।

তরুণ ছাত্রদের নেতৃত্বে সদ্য সংঘটিত গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের অভিভাবক হিসেবে সব সময় সামনের সারিতে দেখা গেছে ঢাবির এই শিক্ষককে। বিশেষ করে আন্দোলনকরত কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করা হলে অভিভাবকের ভূমিকায় থানা থেকে শিক্ষার্থীদের ছাড়িয়ে নিয়ে আসেন। 

১৯৬৬ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন আসিফ নজরুল। তিনি ঢাবির আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৯৯ সালে সোয়াস (স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানীর বন শহরের ইনভায়রনমেন্টাল ল’ সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন।

মো. তৌহিদ হোসেন

মো. তৌহিদ হোসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ও বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার।

সুপ্রদীপ চাকমা

সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা। এ ছাড়া রাবাত, ব্রাসেলস, আঙ্কারা এবং কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। তিনি ময়মানসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৬৩ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এমবিবিএস সম্পন্ন করেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মনোচিকিৎসার পাশাপাশি লেখালেখির সাথেও জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনার মনস্ত্বত্ত (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ (২০২০)।

ফারুক ই আজম

নৌকমান্ডো ফারুক ই আজম বীর প্রতীক চট্টগ্রামের  অধিবাসী। মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান ‘অপারেশন জ্যাকপট’। চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত ওই অভিযানিক দলের উপ-অধিনায়ক ছিলেন তিনি।

এম সাখাওয়াত হোসেন

এম সাখাওয়াত হোসেন একজন বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার (ইসি)। তিনি ২০০৭-২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল।

ড. সালেহউদ্দিন আহমেদ

ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর।

নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম একজন বাংলাদেশি আন্দোলনকর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ঢাকা ভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, যার মাধ্যমে তিনি ২০২৪ সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের এই শিক্ষার্থী সদ্য আত্মপ্রকাশ করা ঢাবির ছাত্রশক্তির আহ্বায়ক।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক