চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ডা. কোরবান আলীর মৃত্যু, গ্রেপ্তার ৩
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাং সদস্যদের হামলায় গুরুতর আহত ডা. কোরবান আলী মারা গেছেন। আজ বুধবার (১০ এপ্রিল) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে কোরবান আলীর ছেলে আলী রেজা নুর গণমাধ্যমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর বাবা মারা যান।
দু’মাস আগে ফিরোজশাহ এলাকায় কয়েকজন স্কুলছাত্রকে মারধর করতে দেখে পুলিশ ডেকে আনা হয়। এ ঘটনায় ডা. কোরবান আলীর ছেলে আলী রেজার সঙ্গে এলাকার উঠতি বয়সী কিছু তরুণের বিরোধ হয়।
এর জের ধরে গত ৫ এপ্রিল বিকেলে আলী রেজার ওপর চড়াও হয় এসব তরুণ। তাদের হাত থেকে ছেলেকে বাঁচাতে ছুটে যান ডা. কোরবান আলী। এ সময় তাঁর ওপরও বেপরোয়া হামলা চালায় সন্ত্রাসীরা। তারা ডা. কোরবান আলীর মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে বেহুঁশ হয়ে যান তিনি। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নগরীর ওআর নিজাম রোডে বেসরকারি মেডিকেল সেন্টার ক্লিনিকে ভর্তি করা হয়।
বুধবার ভোরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় আলী রেজা বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা দায়ের করেন। মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এএনএম/