ফের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন অধ্যাপক এবিএম আব্দুল্লাহ
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে পুন নিয়োগ পেয়েছেন ইমেরিটাস অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। আজ রোববার (২৮ জানুয়ারি) এ পদে নিয়োগ পান বলে রাতে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ রোববার (২৮ জানুয়ারি) জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের একটি মেইল এসেছে। এ মারফতে কেবলই বিষয়টি জানতে পেরেছি।’
পুনরায় দায়িত্ব পাওয়ায় খুবই আনন্দিত জানিয়ে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। আমি আল্লাহ তা’লার শুকুর আদায় করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
অধ্যাপক আব্দুল্লাহ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কন্যা। উনার ব্যক্তিগত চিকিৎসক হতে পারা আমার জন্য বিশাল পাওয়া। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, যেন এ দায়িত্ব সুন্দরভাবে-সুষ্ঠুভাবে করে যেতে পারি।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
এদিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে অধ্যাক আব্দুল্লাহর পুন নিয়োগ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রীর (পারিতোষিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৭৫ এর ধারা ১৩ অনুযায়ী অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক এবিএম আব্দুল্লাহর বেড়ে ওঠা
তিনি ১৯৫৪ সালে জামালপুরের ইসলামপুর উপজেলার হাড়িয়াবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি। এর পর ১৯৬৯ সালে ইসলামপুর নেকজাহান উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৭২ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকে ১৯৭৮ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন ডা. এবিএম আব্দুল্লাহ।
এর পর কিছুদিন গ্রামে চিকিৎসা সেবা প্রদান করেন তিনি। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন মেডিকেল অফিসার হিসেবে হিসেবে। এরপর চলে যান সৌদি আরব। সেখানে পাঁচ বছর চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পর উচ্চশিক্ষার জন্য ১৯৯২ সালে চলে যান লন্ডনে।
যুক্তরাজ্যে রয়েল কলেজ অব ফিজিশিয়ান্স থেকে এমআরসিপি ডিগ্রি লাভ করে দেশে এসে রাজধানীর হলিফ্যামিলি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে দুই বছর পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালে পিএসসি পরীক্ষার মাধ্যমে সহকারী অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) যোগদান করেন।
এ বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অনুষদের ডিন ও মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর বিএসএমএমইউ থেকে অবসরে যান অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।
এএনএম/