অনুমোদনবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: অনুমোদনবিহীন বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ক্লিনিক-হাসপাতাল মালিকরা নিজের বন্ধ না করলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে এ নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেবো না। আপনারা জানেন, এরইমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।’
শিশু আয়ানের মৃত্যু প্রসঙ্গে অধ্যাপক সামন্ত লাল বলেন, শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
‘যতটুকু জানি আগামীকালই আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না’—যোগ করেন মন্ত্রী।
এর আগে আয়ানের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিসহ চার দফা দাবি নিয়ে সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান বাবা শামীম আহমেদ ও তার পরিবার। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আয়ানের বাবা সন্তানের মৃত্যুর ঘটনার বর্ণনা দেন।
করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশ থেকে এখনো করোনা যায়নি। বিশেষ করে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’
করোনা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম এড়িয়ে চলা ও সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম বলেন, ‘খুব বেশি মারাত্মক না হলেও করোনার নতুন ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো। এ বছর এক কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছি। গ্যাভি (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) থেকে টিকা আসা মাত্রই কার্যক্রম শুরু করবো।’
এএনএম/