কমতে পারে বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি ফি
মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি ফি কমতে পারে। আবেদন ফি বেশি হওয়ায় বিগত বছরগুলোতে অনেক বেসরকারি ডেন্টাল কলেজ শিক্ষার্থী পায়নি। অধিক সংখ্যক শিক্ষার্থীকে ডেন্টালে ভর্তি করানোর উদ্দেশ্যে ভর্তি ফি কমানোর প্রস্তাব দিয়েছে বেসরকারি ডেন্টাল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বেসরকারি ডেন্টাল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি ফি ৮ লাখ টাকা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি ফি ছিল ১৯ লাখ ৪৪ হাজার টাকা। আবেদন ফি বেশি হওয়ায় অনেক বেসরকারি ডেন্টাল কলেজ শিক্ষার্থী পায়নি। বেসরকারি ডেন্টাল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ডেন্টালে ভর্তি ফি ১১ লাখ টাকা করার কথা বলা হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে বলেন, ‘বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি ফি বেশি হওয়ায় শিক্ষার্থীরা এখানে পড়ার আগ্রহ দেখান না। বিষয়টি অনুধাবন করে ডেন্টালে ভর্তি ফি কমানোর প্রস্তাব করা হয়েছে। ভর্তি ফি কমলে অনেক শিক্ষার্থী বেসরকারি ডেন্টালে পড়ার আগ্রহ দেখাবে।’
তিনি আরও বলেন, ‘শুধু ভর্তি ফি কমালেই হবে না। মানসম্মত শিক্ষাও নিশ্চিত করতে হবে। আপনি ভর্তি ফি কমালেন তবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করলেন না তাহলে চলবে না। দুটোই নিশ্চিত করতে হবে। শিক্ষার মানের সঙ্গে আপোস করলে এটি চিকিৎসা পেশার জন্য খারাপ হবে। দেশের মানুষ সঠিক চিকিৎসা পাবে না বলেও জানান তিনি।’
প্রসঙ্গত, দেশে বর্তমানে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ এবং ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে ৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ভর্তি ফি কমানোয় শিক্ষার্থী ভর্তির আরও হার বাড়বে। মধ্যবিত্তরাও চিকিৎসা বিষয়ে পড়ালেখার সুযোগ পাবেন।
এসএস
-
২৫ অগাস্ট, ২০২৩
-
০৭ অগাস্ট, ২০২৩
-
২৫ জুলাই, ২০২৩
-
১৪ জুলাই, ২০২৩