১৭ ডিসেম্বর, ২০২৩ ১২:৩১ পিএম

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার চালু 

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার চালু 
উপজেলা পর্যায়ে দেশের প্রথম স্বাস্থ্য কেন্দ্র হিসেবে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওএসইসি)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উপজেলা পর্যায়ে দেশের প্রথম স্বাস্থ্য কেন্দ্র হিসেবে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওসেক)। গত ১৪ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী এর উদ্বোধন করেন।

আজ রোববার (১৭ ডিসেম্বর) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, গুরুতর রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জরুরি সেবা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। ২০২৪ সালে জানুয়ারির শেষ দিকে এই সেবা কেন্দ্রের পুরোপুরি সুফল পাবে পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, বাশখালীসহ মহেশখালী উপকূলীয় এলাকার মানুষ।

তিনি বলেন, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের এ সেবা কার্যক্রম প্রদানে দেশের প্রথম উপজেলা হিসেবে পেকুয়া উপজেলায় ইউনিসেফের সহযোগিতায় কেন্দ্রটি চালু হলো। এক ছাদের নিচে দুই বেড এইচডিও, দুই বেড অবজারভেশন, এক বেড নিওনেটাল রিসাসিটেশন, আলট্রাসনোগ্রাফি, ব্লাড ট্রান্সফিউশন কর্নার, মিনি মাইনর সার্জারি কর্নার, ইসিজি কর্নার, অটোমেটিক প্রেসার মেজার, প্যাথলজি স্যাম্পল কালেকশন বুথ, অন্তঃসত্ত্বাসহ সকল প্রকার দুর্ঘটনায় আহত রোগীর চিকিৎসার জন্য ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের একাংশের সেবা চালু হলো।

আদর্শ ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের জনবল

উপজেলায় একটি আদর্শ ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের জনবল কাঠামোর কথা তুলে ধরে তিনি বলেন, ‘উপজেলায় ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার চালু করার জন্য তিন শিফটে দুইজন করে ছয়জন চিকিৎসক, সর্বমোট আটজন নার্স, সমসংখ্যক ক্লিনার, চারজন এমএলএসএসসহ সব মিলিয়ে ৩০ জন জনবল দরকার। সেই জায়গায় আমরা আপাতত ১৫ জন নিয়ে কাজ শুরু করেছি। জনবলের ঘাটতি থাকলেও আমাদের সেন্টারটি আংশিক নয়, পরিপূর্ণভাবেই চলছে। শুধুমাত্র স্টোর ও অন্যান্য কয়েকটি জিনিস প্রস্তুত হওয়ার বাকি, সেটি ১৫-২০ জানুয়ারির মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ।’

ঐতিহাসিক এ কার্যক্রমের অংশীদার হতে পেরে ভীষণ আনন্দিত উল্লেখ করে তিনি বলেন, ‘২০২২ সালে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব পালনের সময় দেখেছি, প্রান্তিকের ম্যালেরিয়া আক্রান্ত অনেক শিশু অসহায় অবস্থায় থাকে। প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে তারা হাসপাতালে আসতে পারে না। এ অবস্থায় চিকিৎসা না পেয়ে অনেকে মারা যায়। তখন থেকে আমার মনে হতো, উপজেলা পর্যায়ে যদি এ রকম একটি রোগীকে প্রাথমিক জরুরি চিকিৎসা নিশ্চিত না করে বিভাগীয় শহরগুলোতে পাঠানো হয়, তাহলে এই সময়ে তার রোগ জটিল হবে এবং তার মৃত্যুর ঝুঁকিও বাড়বে।’

‘আমি একজন ইউএইচএফপিও হওয়ার পাশাপাশি অ্যানেসথেশিয়া ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ হওয়ার সুবাদে এ ব্যাপারে আমার কাছে আগে থেকেই একটি আগ্রহ ছিল যে, উপজেলা পর্যায়ে যদি একটি ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার চালু করা যায়! ... প্রায় দশ মাস ধরে হাসপাতালের সকল পর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এ সেন্টারটি তৈরি করেছি। আমাদের সেন্টার এই মুহূর্তে খুব চমৎকারভাবে চলছে। আশা করি, আগামী ১৫ জানুয়ারির মধ্যে এটি পূর্ণতা পাবে। উপজেলা পর্যায়ে দেশের প্রথম স্বাস্থ্য কমপ্লেক্স তৈরির কাজে শতভাগ নিযুক্ত থাকতে পেরে আমরা সীমাহীন আনন্দিত’--যোগ করেন ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ চৌধুরী।

দেশজুড়ে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস (ওসেক) চালু করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এরই ধারাবাহিকতায় গত বছরের ৫ ডিসেম্বর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি (ওসেক) সেবার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশজুড়ে পর্যায়ক্রমে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস (ওসেক) চালু করা হবে।

প্রসঙ্গত, দেশে সড়ক দুর্ঘটনা, হার্ট অ্যাটাক, কিডনি এবং ক্যান্সারের রোগী বেড়ে গেছে। এ ছাড়া ডেলিভারি সার্ভিসের জন্যও ইমার্জেন্সি লাগে। কিন্তু সেই তুলনায় দেশে তেমন ইমারজেন্সি সেবা নেই। এমনই প্রেক্ষাপটে এসব রোগের চিকিৎসায় ইমারজেন্সি চিকিৎসার বিষয়টি সামনে আসে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল, মিটফোর্ড এবং সোহরাওয়ার্দী হাসপাতালে ইমার্জেন্সি সেন্টার স্থাপন করা হয়েছে।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক